ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তাজরিন ফ্যাশনসে অনিকাণ্ডে শতাধিক শ্রমিকের প্রাণহানির প্রেক্ষাপটে সব পোশাক কারখানার শ্রমিকদের অগ্নিনির্বাপক প্রশিক্ষণ এবং প্রতিমাসে মহড়া দেয়ার নির্দেশ এসেছে।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে পোশাক কারখানাগুলোর ‘সোস্যাল কমপ্লায়েন্স ফোরাম’র বৈঠক থেকে এই নির্দেশ দেয়া হয়।
বিভিন্ন মন্ত্রণালয় এবং পোশাক শিল্প সংশ্লিষ্টদের প্রতিনিধিদের নিয়ে গঠিত এই ফোরামের বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল লতিফ বকসী সাংবাদিকদের বলেন, প্রতিটি কারখানার ২৫ শতাংশ শ্রমিককে অনতিবিলম্বে প্রশিক্ষণ দিতে নির্দেশ দেয়া হয়েছে। এটা বাধ্যতামূলক। পর্যায়ক্রমে সব শ্রমিককে এই প্রশিক্ষণ দিতে হবে।
গত ২৪ নভেম্বর আশুলিয়ার তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে ১১১ জন শ্রমিক নিহত হন, যাদের অধিকাংশই মারা গেছেন অগ্নিদগ্ধ হয়ে।
ওই ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (অগ্নিনির্বাপক) বাহিনী গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন নিয়েও ‘সোস্যাল কমপ্লায়েন্স ফোরাম’র বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে অংশ নেয়া বিকেএমইএ’র প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম সাংবাদিকদের বলেন, ফায়ার সার্ভিসের তদন্তে বলা হয়েছে অগ্নিকাণ্ডের সময় কারখানার সব ফটক তালাবদ্ধ ছিল না। এসব ফটক ও ওপরে ওঠার ছাদের সিড়ি খোলা ছিল। ওই সময় অনেক কর্মী সেখানে কাজ করছিল। এদের অনেকেই নিরাপদে বেরিয়ে এসেছে।
সিড়ির মুখে থাকা মালামালে আগুন লেগে ধোয়া ওঠার কারণে তৃতীয় তলার শ্রমিকরা নামতে পারছিলেন না বলেন জানান তিনি।
তবে অগ্নিকাণ্ডের পর ওই কারখানার অনেক শ্রমিক অভিযোগ করেছেন, ফটকে তালা ঝোলানো ছিল। সাংবাদিকরাও সেখানে গিয়ে এই বক্তব্যের সত্যতা পেয়েছেন।
বিকেএমইএ’র সহ-সভাপতি বলেন, ফায়ার সার্ভিসের প্রতিবেদনে ওই কারখানাটি সুবিধাবিহীন (নন-কমপ্লায়েন্স) ছিল না বলেই উল্লেখ করা হয়েছে।
তিনি বলেন, “এতে কর্মীদের প্রশিক্ষণ এবং অগ্নিনির্বাপণ যন্ত্রও ছিল। এগুলো সক্রিয়ও ছিল। কিন্তু ব্যবহার করা সম্ভব হয়নি। এজন্যই এতো ক্ষয়ক্ষতি হয়েছে।”
এরপরও এতে কমপ্লায়েন্সের কোন ঘাটতি ছিল কিনা, তা খতিয়ে দেখতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে বলে জানান বিকেএমইএ সহ-সভাপতি।
সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, ইতোমধ্যে ঢাকাসহ আশেপাশের এলাকার পোশাক কারখানাগুলোর সুযোগ-সুবিধার (কমপ্লায়েন্স) বিষয়টি খতিয়ে দেখা শুরু হয়েছে। এতে সকল সুযোগ-সুবিধা নিশ্চিত হওয়া কারখানাগুলোকে চিহ্নিত করা হবে। একেবারে কম সুবিধা দেয়া কারখানাগুলোকে প্রয়োজনে পোশাক পল্লীতে স্থানান্তর করা হবে। এজন্য এ দু’টি সংগঠন দ্রুতই ‘ক্র্যাশ প্রোগ্রাম’ শুরু করবে।
শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, বাণিজ্য সচিব মাহবুব আহমেদ, শ্রমসচিব মিকাইল শিপার, বিজিএমইএ সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দীন, বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান এবং অগ্নিনির্বাপন বাহিনীর মহাপরিচালক আবু নাঈম মো. শহিদ উল্লাহ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এমআই/১৮৪৭ ঘ.
bdnews24