চট্টগ্রাম, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন্দরনগরীর একে খান মোড়ে একটি পোশাক কারখানার বয়লারে আগুন লেগে ওয়াশিং প্ল্যান্ট পুড়ে গেছে।
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে লিজ অ্যাপারেলস নামের ওই কারখানায় আগুন লাগার পর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর পাহাড়তলী থানা এলাকায় পাঁচতলা ওই গার্মেন্ট ভবনের দোতলায় ওয়াশিং প্ল্যান্টের বয়লারে আগুনের সূত্রপাত হয়।
তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতিরও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
গত ২৪ নভেম্বর ঢাকার আশুলিয়ায় তাজরিন ফ্যাশনস নামের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১১ জন নিহত হন। দেশের কোনো কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের সবচেয়ে বড় ঘটনা এটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১৫৩৫ ঘ.
bdnews24