২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে আগুনের ঘটনায় তদন্ত কমিটি, সহায়তা

রংপুরে আটকেপড়া পাকিস্তানিদের ক্যাম্পে অগ্নিকাণ্ডের জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2012, 08:30 AM

Updated : 24 Aug 2022, 12:37 PM

ঢাকা/রংপুর, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরে আটকেপড়া পাকিস্তানিদের ক্যাম্পে অগ্নিকাণ্ডের জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তার ঘোষণা দিয়েছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। বুধবার রাত রাত সোয়া ১০টার দিকে রংপুরের রবার্টসনগঞ্জ এলাকায় ইস্পাহানি-৩ ক্যাম্পে আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে ২২০টি বসত ঘর ও ২০টি দোকান পুড়ে যায় বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহেদুর মিয়া বৃহস্পতিবার জানান, ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের পক্ষ থেকে ১০ টন চাল, তিন লাখ টাকা ও এক হাজার কম্বল বরাদ্দ করা হয়েছে। আগুনের কারণ খতিয়ে দেখতে রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। জেলা প্রশাসক ফরিদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই কমিটিকে শুক্রবারের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। রংপুরের অতিরিক্ত পুলিশ মহা পরিদর্শক লুৎফর রহমান, রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নারায়ণ চন্দ্র বর্মাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমকে/এএইচ/জেকে/১৪২৩ ঘ.