২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটকেপড়া পাকিস্তানিদের ক্যাম্পে আগুন রংপুরে

স্থানীয়দের সঙ্গে আটকেপড়া পাকিস্তানিদের ক্যাম্পের যুবকদের মধ্যে সংঘর্ষের মধ্যে শহরের রবার্টসনগঞ্জ এলাকায় ইস্পাহানি-৩ ক্যাম্পে অগ্নিকাণ্ড ঘটে। এতে পুড়েছে প্রায় ৩০০ ঘর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2012, 05:04 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

রংপুর, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর শহরে আটকেপড়া পাকিস্তানিদের ক্যাম্পে আগুনে পুড়েছে প্রায় ৩০০ ঘর। বুধবার রাত সোয়া ১০টার দিকে লাগা এই আগুন দেড় ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ১২টার দিকে নিয়ন্ত্রণে আনে অগ্নি নির্বাপক বাহিনী। স্থানীয়দের সঙ্গে ক্যাম্পের যুবকদের মধ্যে সংঘর্ষের মধ্যে শহরের রবার্টসনগঞ্জ এলাকায় ইস্পাহানি-৩ ক্যাম্পে এই অগ্নিকাণ্ড ঘটে। এই আগুন লাগানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে আটকেপড়া পাকিস্তানিদের। রংপুরের বিভাগীয় কমিশনার (সার্বিক) নারায়ণ চন্দ্র ভার্মা সাংবাদিকদের জানান, আগুনের ঘটনা তদন্ত করে দেখা হবে। বৃহস্পতিবার এ ক্যাম্পের ক্ষতিগ্রস্তদের সাহায্য সহযোগিতা করা হবে। ওই ক্যাম্পে সাড়ে ছয় শতাধিক ঘর রয়েছে। তার প্রায় অর্ধেক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর। রাত সোয়া ১০টার দিকে আগুন লাগে। আগুনের শিখা অনেক দূর থেকেই দেখতে পান শহরবাসী। পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, “কী কারণে এ আগুন লাগল, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।” ঘরের জিনিস-পত্র সরাতে গিয়ে অন্তত ৭-৮ জন সামান্য আহত হয়েছেন বলে জানান তিনি। স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ক্যাম্পের মুখে চায়ের দোকানি হরিণ মিয়ার সঙ্গে ক্যাম্পের বাসিন্দা কয়েক যুবকের পাওনা টাকা নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে ওই যুবকরা হরিণ মিয়াকে বেদম মারপিট করে এবং তাকে ছুরি মেরে আহত করে। স্থানীয়রা হরিণ মিয়াকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলে এলাকাবাসীর সঙ্গে ক্যাম্পের বাসিন্দাদের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যেই ক্যাম্পে আগুন দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/০০১৮ ঘ.