২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত

মাটির ঊর্বরতা নষ্ট না করে সীমিত ভূমি সম্পদের সদ্ব্যবহারের তাগিদ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য মো. আলাউদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2012, 04:05 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাটির ঊর্বরতা নষ্ট না করে সীমিত ভূমি সম্পদের সদ্ব্যবহারের তাগিদ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য মো. আলাউদ্দিন। বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ব মৃত্তিকা দিবস’ পালন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে মৃত্তিকা বিজ্ঞান বিভাগ বাংলাদেশে প্রথমবারের মত দিবসটি পালন করে। দিবসের প্রতিপাদ্য ছিল- ‘পৃথিবীর খাদ্য নিরাপত্তার জন্য নিরাপদ স্বাস্থ্যকর মাটি’। সকালে র‌্যালির মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মো. আলাউদ্দিন । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জীব বিজ্ঞান অনুষদের ডীন এবং বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. খান তৌহিদ ওসমান ও বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। একবিংশ শতাব্দীর খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় মৃত্তিকার টেকসই ব্যবস্থাপনা এবং এর যথাযথ ব্যবহার অত্যন্ত জরুরি। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ঘোষিত ২০০২ সাল থেকে এ দিবসটি মৃত্তিকার জন্য নিবেদিত একটি দিন হিসেবে পালন করা হয়ে থাকে। মৃত্তিকার গুরুত্বের কথা তুলে ধরে উপ-উপাচার্য বলেন, “আমাদের সীমিত ভূমি সম্পদের সদ্ব্যবহার করা দরকার। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে রয়েছে প্রচুর লবণাক্ত ভূমি। দেশের ১৫-১৬ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে এ বিষয়ে ব্যাপক গবেষণা করতে হবে।” আর এ ক্ষেত্রে মৃত্তিকা বিজ্ঞানীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এক সমীক্ষায় বলা হয়েছে, ১৯৫০ সালে জনপ্রতি যে পরিমাণ কৃষিজ জমি ছিল তা ২০৫০ সালে এক-তৃতীয়াংশে নেমে আসবে। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল মৃত্তিকার সঠিক ব্যবহার নিয়ে পোস্টার প্রদর্শনী, বক্তৃতা এবং অনুসন্ধানী প্রতিবেদন উপস্থাপন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২১৫৯ ঘ.