ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরে একটি কারখানায় আগুন আতঙ্কে লাফিয়ে পড়ে এক পোশাক শ্রমিক মারা গেছেন, যদিও ওই কারখানায় আগুন লাগেনি বলে পুলিশ জানিয়েছে।
বুধবার বিকাল ৪টার দিকে বেড়িবাঁধের পাশে ছয়তলা একটি ভবন থেকে লাফিয়ে পড়ে অন্তত অর্ধশত শ্রমিক আহত হন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর বিভাগের সহকারী কমিশনার গোলাম মোস্তফা রাসেল।
নিহতের নাম মর্জিনা (২২)। তাকে আহত অবস্থায় শিকদার মেডিকল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান তিনি।
সাবেক ওয়ার্ড কাউন্সিলর সাঈদ ব্যাপারীর পেট্রোল পাম্প সংলগ্ন ছয়তলা একটি ভবনে নাজ, একেএইচ এবং অ্যাপারেলস তিনটি গার্মেন্টস রয়েছে। ওই ভবন থেকে লাফিয়ে পড়েছিলেন মর্জিনা।
পুলিশ কর্মকর্তা গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৪টার দিকে ভবনের কোনো এক তলা থেকে ‘আগুন-আগুন’ শোর উঠলে কাজ ছেড়ে কয়েকশ শ্রমিক এক সঙ্গে বেরিয়ে আসার চেষ্টা করে।
“এর মধ্যে অনেকেই সিঁড়ি দিয়ে নামার সুযোগ না পেয়ে বিভিন্ন তলা থেকে লাফিয়ে পড়েন। এর মধ্যে দোতলার সিঁড়ির রেলিং ভেঙে, লাফিয়ে পড়ে অনেকেই আহত হন।”
আহতদের মধ্যে শিউলী (২২), রেহানা ৯২৩) এবং ইয়ানুর (২৫) নামে তিন শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের শিকদার মেডিকেলে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হচ্ছে বলে পুলিশ জানায়।
সম্প্রতি আশুলিয়ার তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের মৃত্যুর পর বিভিন্ন কারখানায় শ্রমিকদের মধ্যে আগুন আতঙ্ক কাজ করছে।
সহকারী কমিশনার বলেন, এই ভবনের কোনো তলায় আগুন লাগেনি। কে বা কারা এই আতঙ্ক ছড়িয়েছে, তা খতিয়ে দেখা হবে।
মিজান নামে ওই এলাকার এক হোটেল মালিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুন-আগুন চিৎকার শোনার আগে একটি বিকট শব্দ তিনি শুনেছেন।
“ওই শব্দ শোনার পরপরই ভবন থেকে শ্রমিকরা নামতে থাকে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৯৫৮ ঘ.
bdnews24