যশোর/বেনাপোল, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্র্নীতির অভিযোগে বেনাপোল পোর্ট থানার ওসিসহ চার পুলিশকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার তাদের যশোর পুলিশ লাইনে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এরা হলেন ওসি হাসান হাফিজুর রহমান, উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম সিরাজ, উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন ও কনস্টেবল মোস্তাক হোসেন।
বেনাপোল পোর্ট থানার ইনসপেক্টর (তদন্ত) লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাদের যশোর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
তিনি এখন ভারপ্রাপ্ত ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন বলেও জানান।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বলেন, ওই চার পুলিশ সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় তাদের প্রত্যাহার হরে পুলিশ লাইনে সংযুক্ত হয়েছে। তদন্ত সম্পন্ন হওয়ার পর এ ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।
পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র সাংবাদিকদেরকে বলেন, অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম ঘটনার তদন্ত করছে। তদন্ত শেষ হলে প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
নাম না প্রকাশ করার শর্তে এক পুলিশ কর্মকর্তা জানান, শনিবার বেনাপোল সীমান্ত এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করেন তিন পুলিশ (ওসি ছাড়া) সদস্য। তার কাছ থেকে হুন্ডির ৩৫ লাখ টাকা উদ্ধার করা হয়। তারা ওই ব্যক্তিকে থানায় না নিয়েই ছেড়ে দেন।
পরে বিষয়টি জানাজানি হলে ওসিসহ চারজনকে পুলিশ লাইনে তলব করে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৫ ঘ.
bdnews24