ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা সাধারণের চেয়ে দুই বছর বেশি রাখার বিষয়টি বিবেচনা করতে পর্যবেক্ষণ দিয়েছে হাই কোর্ট।
বুুধবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকীর বেঞ্চ একটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি করে তা নিষ্পত্তি করে দেয়। নিষ্পত্তির আদেশে এই পর্যবেক্ষণ দেয় আদালত।
খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মুক্তিযোদ্ধা মো. জামাল উদ্দিন রিট আবেদনটি দায়ের করেন। প্রাথমিক শুনানি করে আদালত গত ৯ জানুয়ারি এ বিষয়ে রুল দিয়েছিলো।
আদালতে আবেদনকারী পক্ষে ছিলেন, অবসরপ্রাপ্ত বিচারপতি মো. মুনসুরুল হক চৌধুরী। আইনজীবী মোহাম্মদ সওয়ার হোসেন তাকে সহায়তা করেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।
পরে মুনসুরুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাই কোর্ট কয়েকটি পর্যবেক্ষণ দিয়ে রিট আবেদনটি নিষ্পত্তি করে দিয়েছে। প্রথমত, সম্মান হিসাবে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা আগের মতো সাধারণের চেয়ে দুই বছর বেশি করা যায় কি-না, তা বিবেচনার অভিমত দিয়েছে আদালত।
“দ্বিতীয়ত, সব মুক্তিযোদ্ধার মাসিক ভাতা পাঁচ হাজার টাকা করার পর্যবেক্ষণও দিয়েছে আদালত। অভিমতে আদালত পাবলিক পরিবহন ও হাসপাতালে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করতে বলেছে।”
সরকার ২০১০ সালের ৩ ফেব্রুয়ারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৫৭ থেকে বাড়িয়ে ৫৯ বছর করে। এরপর ২০১১ সালের ২৬ ডিসেম্বর সব সরকারি কর্মচারীর অবসরের বয়সসীমাও দুই বছর বাড়িয়ে করা হয় ৫৯ বছর। সাধারণ কর্মচারীদের বয়সসীমা বাড়ানোর সময় আনুপাতিক হারে মুক্তিযোদ্ধাদের বয়স বাড়ানো হয়নি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গত ২৬ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে ‘গণকর্মচারী (অবসর) (সংশোধন) আইন, ২০১২’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এতে মুক্তিযোদ্ধাদের বয়স ৬০ বছর করার সিদ্ধান্ত রয়েছে।
রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ‘মুক্তিযোদ্ধাদের চাকরির বয়সসীমাও কেন অন্য কর্মচারীদের সঙ্গে একই অনুপাতে বাড়ানো হবে না’- তা জানতে চেয়ে রুল দেয়।
ওই রুল জারির দিনই জনপ্রশাসন মন্ত্রণালয় সস্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সরকারি চাকরিতে ‘বিশেষ সুবিধা’ দিতে মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা দুই বছর বাড়ানোর সুপারিশ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএ/১৭৫০ ঘ.
bdnews24