২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অনেক’ সফলতার দাবি মন্ত্রী কাদেরের

ব্যর্থতা থাকলেও গত এক বছরে যোগাযোগ মন্ত্রণালয়ে ‘অনেক’ সফলতা এসেছে বলে দাবি করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2012, 10:38 AM

Updated : 24 Aug 2022, 12:36 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যর্থতা থাকলেও গত এক বছরে যোগাযোগ মন্ত্রণালয়ে ‘অনেক’ সফলতা এসেছে বলে দাবি করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সচিবালয়ে গত এক বছরে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগের কার্যক্রমের ওপর এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ২০১১ সালের ৫ ডিসেম্বর যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন ওবায়দুল কাদের। মন্ত্রী বলেন, “এ সময়ের মধ্যে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক বিভাগে অনেক সফলতা রয়েছে, যার সব এখনো দৃশ্যমান হয়নি। এক বছরে যতটুকু করেছি তাতে সন্তুষ্ট নই। তবে যতটুকু করেছি তাতে জনগণের ভোগান্তি লাঘব হয়েছে। সড়ক বিভাগের উপর জনসাধারণের আস্থা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।” উন্নয়নের ধারাবাহিক প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও জানান তিনি। কাদের বলেন, “মানুষকে শান্তি দিতে না পারি স্বস্তি দেয়াই মূল লক্ষ্য ছিল। হাতে সময় বেশি নেই, সময় শেষ হয়ে গেছে। তবে যে সময় রয়েছে তাতে কাজ করার অনেক কিছু রয়েছে।” বর্তমানে সড়ক বিভাগের আওতাধীন সড়ক নেটওয়ার্ক আগের চেয়ে অনেকটা স্বস্তিকর বলে দাবি করেন মন্ত্রী। মেট্রোরেল ও বিআরটি প্রকল্পের বিষয়ে জানতে চাওয়া হলে ওবায়দুল কাদের জানান, এ অর্থ বছরের মধ্যে কাজ শেষ করার বিষয়ে তিনি আশাবাদী। প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয়ে মেট্রোরেল স্থাপনের প্রকল্পে প্রয়োজনীয় অর্থায়ন চূড়ান্ত করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “প্রকল্পে জাপান সরকার দিচ্ছে ১৬ হাজার ৬শ’ কোটি টাকা। এ মাসেই জাইকা’র সঙ্গে ড্রাফট লোন-এগ্রিমেন্ট স্বাক্ষর হবে।” বিমানবন্দর হতে গাজীপুর পর্যন্ত ২০ কিলোমিটার বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) চালু করার প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪০ কোটি টাকা। চলতি মাসেই প্রকল্পটির কাজ শুরু করতে এডিবি ও ফ্রান্স সরকারের সঙ্গে ঋণ সংক্রান্ত আলোচনা শেষ হবে বলে জানান কাদের। নতুন তিন সেতু দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় মেঘনা-গোমতী সেতু নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “জাইকা তিনটি সেতু নির্মাণে অর্থায়নে প্রাথমিক সম্মতি দিয়েছে। এ প্রকল্পে ব্যয় হবে প্রায় ৯ হাজার ৫৫ কোটি টাকা, এ মাসের মাঝামাঝি জাইকা’র সঙ্গে চূড়ান্ত আলোচনা হবে।” লাভের ধারায় বিআরটিসি বিআরটিসি’র বহরে বিদ্যমান মোট ১৩০৬টি বাসের মধ্যে ২০১২ সালে ৭৮৪টি নতুন বাস ক্রয় করা হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “এতে পূর্বের তুলনায় বিআরটিসি’র যাত্রীসেবা বহুগুণ বৃদ্ধি পেয়েছে, জানুয়ারিতে আসছে ৫০টি আর্টিকুলেটেড বাস।” সংবাদ সম্মেলনে চলমান মিরপুর-বিমানবন্দর সড়কের ফ্লাইওভার এবং কানেক্টিং ব্রিজের কাজ মার্চের মধ্যে শেষ হবে বলে জানান তিনি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের বিষয়ে মন্ত্রী জানান, এ প্রকল্পে ৩১ শতাংশ অগ্রগতি হয়েছে এবং আগামী এপ্রিলের মধ্যে ৭৩ কিলোমিটার দৃশ্যমান হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/১৬২৮ ঘ.