২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা বাতিল

মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা অর্থ আত্মসাতের চেষ্টার মামলা বাতিল করে দিয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2012, 07:43 AM

Updated : 24 Aug 2022, 12:36 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা অর্থ আত্মসাতের চেষ্টার মামলা বাতিল করে দিয়েছে হাই কোর্ট। মামলা বাতিলের জন্য মহীউদ্দীন খান আলমগীরের করা একটি আবেদনের চূড়ান্ত শুনানি করে বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চ এই রায় দেয়। আওয়ামী লীগের আগের মেয়াদে পরিকল্পনা প্রতিমন্ত্রী থাকার সময় অর্থ আত্মসাতের চেষ্টার অভিযোগে মহীউদ্দিনের বিরুদ্ধে ২০০২ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর টার্স্কফোর্স-১ এর দুর্নীতি দমন কর্মকর্তা মো. আব্দুল সালাম তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। ওই বছরই মহীউদ্দিন খান আলমগীর মামলা বাতিলে আবেদন করেন। ওই আবেদনের প্রাথমিক শুনানি করে ওই বছরই হাই কোর্ট রুল দেয়। ওই রুল চূড়ান্ত করে মামলাটি বাতিল করা হলো। আদালতে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে ব্যারিস্টার এম আমীর উল ইসলাম ও দুদকের পক্ষে মো. খুরশীদ আলম খান শুনানি করেন। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। আদেশের পর মো. খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার অভিযোগ ছিল, তিনি ৮১ কোটি ৬০ লাখ টাকার তহবিল তছরুপের চেষ্টা করেন। তবে রায়ে আদালত বলেছেন, কেউ চেষ্টা করলেই মামলা চলতে পারে না। এর মাধ্যমে তিনি আর্থিকভাবে লাভবান হয়েছেন কি-না, সেটাই বিবেচ্য বিষয়। এই যুক্তিতে আদালত মামলাটি বাতিল করে দিয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই রায় আমরা দুদককে জানাবো। আপিলের বিষয়ে তারা সিদ্ধান্ত নিবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এসইউ/১৩৩৫ ঘ.