খুলনা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামীর কর্মীদের সংঘর্ষের সময় হাতবোমা বিস্ফোরণে এক কনস্টেবল আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর সোনাডাঙ্গা থানার বয়রা বাজার মোড়ের কাছে এ ঘটনা ঘটে। পুলিশ পরে টিয়ার শেল এবং রাবার বুলেট ছুড়ে জামায়াত কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি এসএম কামুরজ্জামান জানান, সকালে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বিনা অনুমতিততে মিছিল নিয়ে বয়রা বাজার মোড় থেকে পাবলিক কলেজের দিকে যাচ্ছিল।
“এ সময় তারা পাবলিক কলেজের সামনে থাকা পুলিশকে লক্ষ্য করে পরপর ৫টি বোমা নিক্ষেপ করে। বিস্ফোরিত বোমার স্পিন্টারে রাকিব নামে এক কনস্টেবল আহত হন।”
তবে বোমা নিক্ষেপের কথা অস্বীকার করেছেন খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল কালাম আজাদ।
তার দাবি, পুলিশ শান্তিপূর্ণ মিছিলে পিছন থেকে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২০৯ ঘ.
bdnews24