২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জামায়াতের হরতাল রাজনৈতিক কর্মসূচি নয়, সন্ত্রাস ছিল’

মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্তদের মুক্তির দাবিতে জামায়াতে ইসলামীর মঙ্গলবারের হরতাল কোনো ‘রাজনৈতিক কর্মসূচি’ ছিল না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2012, 07:56 AM

Updated : 24 Aug 2022, 12:36 PM

ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্তদের মুক্তির দাবিতে জামায়াতে ইসলামীর মঙ্গলবারের হরতাল কোনো ‘রাজনৈতিক কর্মসূচি’ ছিল না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। বুধবার শাহবাগের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, “গতকালের হরতাল কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না, এটা ছিল যুদ্ধাপরাধীদের মুক্তির দাবিতে জামায়াতের সন্ত্রাস”। সরকারের এই মন্ত্রী বলেন, “সংবিধানে স্পষ্ট বলা আছে- যুদ্ধাপরাধী, মানবতাবিরোধী অপরাধীদের বিচার হবেই। তাই আমরা তাদের মুক্তির দাবিতে কর্মসূচির অনুমতি দিতে পারি না।” সারা দেশে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের ‘তাণ্ডবের’ কঠোর সমালোচনা করেন সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত। তিনি বলেন, “জামায়াতের রাজনীতি বিকৃত রাজনীতি। তাই তারা পুলিশের ওপর হামলা চালাচ্ছে, নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে।” হরতালে যুক্তরাষ্ট্র দূতাবাসের গাড়িতে হামলার দায় স্বীকার করে জামায়াতের ক্ষতিপূরণ দিতে চাওয়ার বিষয়টি উল্লেখ করে সুরঞ্জিত বলেন, “তাহলে গতকাল সারা দেশে যে ১১১টি গাড়ি ভাংচুর ও পোড়ানো হয়েছে তার দায় কে নেবে? তার ক্ষতিপূরণ কে দেবে?” জামায়াতের উগ্র মৌলবাদী চরিত্রের বিষয়ে সজাগ হওয়ার জন্য বিদেশি কূটনীতিকদের প্রতি আহ্বান তিনি। যুদ্ধাপরাধীদের মুক্তির দাবিতে ডাকা হরতালে নৈতিক সমর্থন দেয়ায় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, “এর মধ্য দিয়ে তারা স্পষ্ট করেছে যে, জামায়াতের সঙ্গে তারাও যুদ্ধাপরাধের বিচার চায় না।” প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপি চলে না বলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন তার সূত্র ধরে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “ঠিকই আপনারা প্রধানমন্ত্রীর উপদেশ মানেন না, জামায়াতের উপদেশ মেনে রাজনীতি করেন।” সম্ú্রতি মৌলভীবাজারে আওয়ামী লীগের এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “বিজয়ের মাসে যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিএনপি-জামায়াত জোট কর্মসূচি দিয়েছে। তাদের বলব, জনগণের মনের কথা বোঝার চেষ্টা করুন। জামায়াত-শিবির ছাড়ুন। তাহলে যদি বাংলার মানুষের মনে একটু জায়গা হতে পারে।” এর জবাবে গত সোমবার মির্জা ফখরুল বলেন, “আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে রাজনীতি করি না। তার রাজনীতিও করি না। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি করি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএস/এএইচ/জেকে/১৩৫০ ঘ.