দিনাজপুর, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর ডাকে মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের পর বুধবার দিনাজপুরে একই কর্মসূচি পালন করছে ইসলামী ছাত্রশিবির।
সোমবার রাতে দিনাজপুরের চিরিরবন্দরে পুলিশের সঙ্গে সংঘর্ষে এক কর্মী নিহতের প্রতিবাদে জেলার ১৩ উপজেলায় এই হরতাল ডাকা হয়েছে।
দিনাজপুর শহরে সকাল থেকেই হরতাল চলছে ঢিলেঢালাভাবে। সকালে শিবির কর্মীরা শহরের বিভিন্ন স্থানে মিছিল করে। কয়েকটি স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় হরতালকারীরা।
শহরের অধিকাংশ দোকানপাট সকালে বন্ধ দেখা যায়। দূর পাল্লার বাস শহর ছেড়ে না গেলেও নছিমন ও ভটভটিসহ ছোট যানবাহন চলতে দেখা গেছে বিভিন্ন স্থানে।
চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষে আহত মুজাহিদুল ইসলাম (১৮) রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাপাতালে মারা যান। তিনি উপজেলা জামায়াতের সেক্রেটারি আতাউর রহমানের ছেলে।
জামায়াত বলছে, পুলিশের গুলিতে মুজাহিদুল নিহত হয়েছেন।
অন্যদিকে ময়না তদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন চিরিরবন্দর থানার ওসি তারিকুল ইসলাম।
তিনি জানান, নিয়ম অনুযায়ী এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
মঙ্গলবার সন্ধ্যায় মুজাহিদের জানাজার আগে সমাবেশ করে বুধবার দিনাজপুর জেলায় সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি দেন ছাত্রশিবিরে কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মাইনুল ইসলাম। জেলা জামায়াতে ইসলমীর পক্ষ থেকেও এই হরতালে সমর্থন দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০৫০ ঘ.
bdnews24