ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ সময় অপেক্ষার পরও ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ তৃতীয় ওয়ানডের টিকেট না পাওয়ায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের বাইরে একটি অস্থায়ী টিকেট কাউন্টার পুড়িয়ে দিয়েছে উচ্ছৃঙ্খল জনতা।
এ সময় বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয় বলে জানিয়েছে পুলিশ।
বুধবার দিবারাত্রীর এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলেই ৫ ম্যাচের এই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে ২-০ তে এগিয়ে থাকা বাংলাদেশের। খেলা শুরু হবে বেলা আড়াইটায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনায় প্রথম দুই ম্যাচে বাংলাদেশ জয় পাওয়ায় ভক্ত সমর্থকদের অনেকেই মাঠে বসে খেলা দেখার জন্য বুধবার ভোর রাত থেকে আউটার স্টেডিয়ামের অস্থায়ী টিকেট কাউন্টারের বাইরে অবস্থান নেন।
কিন্তু সকাল সাড়ে ৮টার দিকে ‘টিকেট শেষ’ বলে জানানো হলে বিক্ষুব্ধরা স্টেডিয়ামের বাইরে থাকা কয়েকটি গাড়ি ভাংচুর করে। এক পর্যায়ে তারা ওই কাউন্টারেও আগুন দেয় বলে পুলিশ জানায়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাদী সুলতানা জানান, খবর পেয়ে অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্টেডিয়ামের বাইরে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/০৯৫০ ঘ.
bdnews24