২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি ছাত্রলীগ নেতা ‘সেতু’ বহিষ্কার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি আরিফ পারভেজকে মারধরের ঘটনায় এক ছাত্রলীগ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2012, 05:24 PM

Updated : 24 Aug 2022, 12:35 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি আরিফ পারভেজকে মারধরের ঘটনায় এক ছাত্রলীগ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। স্থায়ীভাবে বহিষ্কৃত এই নেতা হলেন, উপ-পাঠাগার সম্পাদক নাসিম আহমেদ সেতু। মঙ্গলবার রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আহমেদ আলী ও সাধারণ সম্পাদক আবু হোসাইন বিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন। সোমবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের টেলিভিশন কক্ষে আরিফ পারভেজকে কয়েকজন সহযোগী নিয়ে মারধর করেন সেতু। এক পর্যায়ে নিজের সঙ্গে থাকা পিস্তল দেখিয়ে তাকে হত্যারও হুমকি দেন তিনি। আহত আরিফকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় থিয়েটারের সভাপতি। ছাত্রলীগের এই দুই নেতা জানান, সম্প্রতি সাংগঠনিক নিয়ম-নীতির পরিপন্থী বিভিন্ন কাজে জড়িয়ে পড়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে নাসিম আহমেদ সেতুকে বহিষ্কার করা হয়। তারা আরিফ পারভেজকে মারধরের ঘটনায় দুঃখ প্রকাশও করেন। ভবিষ্যতে কোনো নেতা-কর্মী সংগঠন বিরোধী কাজে লিপ্ত হলে তাদেরকেও ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার করে দেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আহমেদ ও সাধারণ সম্পাদক বিপু। গত দুই অক্টোবর ক্যাম্পাসে ছাত্রলীগ-শিবির সংঘর্ষের সময় সেতুকে অস্ত্র হাতে দেখা গিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/২৩১৮ ঘ.