ঝালকাঠী, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহরণের সাত ঘণ্টা পর ঝালকাঠি শহরের কিন্ডারগার্টেন ছাত্র আরাফাতকে উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় অপহরণকারী সন্দেহে একই পরিবারে পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে অপহরণ করা হয় শহরের নতুন কলাবাগান এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে আরাফাতকে (৭)।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের কাঠপট্টি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন তসলিম উদ্দিন (৫০), তার স্ত্রী রিনা বেগম (৩৮), শাশুড়ি সুফিয়া (৭০), মেয়ে কানিজ ফাতিমা লিমা (১৭) ও ছেলে তরিকুল ইসলাম (১৯)।
সদর থানার ওসি আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহরের কাঠপট্টি এলাকার তসলিম উদ্দিনের বাসা থেকে তার শাশুড়ি সুফিয়া বেগমের কাছে চাদর দিয়ে ঢাকা ও অচেতন পড়েছিল আরাফাত।
শিশুটিকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করা হয়েছিল। উদ্ধারের পর তাকে হাসপাতালে চিকিৎসা দিয়ে মা-বাবার কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, মুক্তিপণের দাবিতে গ্রেপ্তাররা শিশুটিকে অপহরণ করে আটকে রাখে। এরা বড় ধরনের কোনো অপহরণচক্রে জড়িত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
অপহরণের পর দুর্বৃত্তরা আরাফাতের বাবার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। তার বাবা মো. আলমগীর হোসেন সম্প্রতি বিদেশ থেকে ফিরে শহরের কাঠপট্টি এলাকায় আরাফাত ষ্টোর নামে একটি মুদি দোকান দেন।
আরাফাত শহরের সিটি কিন্ডারগার্টেনের নার্সিরী শ্রেণির ছাত্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৫ ঘ.
bdnews24