সিরাজগঞ্জ, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে মঙ্গলবার হরতালে আদালতের কার্যক্রমে বাধা দেয়ার অভিযোগ উঠেছে বিএনপি সমর্থিত আইনজীবীদের বিরুদ্ধে।
এ সময় আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।
এর জেরে আইনজীবী সমিতির কার্যালয়ে ভাংচুর করা হয় বলে অভিযোগ করেন বিএনপি সমর্থিত আইনজীবীরা।
আইনজীবী সমিতির বিএনপি সমর্থিত সাধারণ সম্পাদক মীর রুহুল আমিন বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যে কোন দলের হরতালের সময় আদালতে আইনজীবীদের কর্মকাণ্ড স্থগিত রাখার বিষয়ে আগে থেকেই সমিতির সভায় রেজুলেশন করা হয়েছে।
কিন্তু মঙ্গলবার জামায়াতের ডাকা হরতাল চলাকালে আওয়ামী লীগ সমর্থিত কয়েকজন আইনজীবী মামলার কার্যক্রমে অংশ নেন।
“এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে আওয়ামী লীগ সমর্থিত পিপি আব্দুর রহমান ও নারী শিশু আদালতের বিশেষ পিপি আব্দুল হামিদ লাভলুর নেতৃত্বে সদর বিচারিক হাকিম আদালত চলাকালে আমাদের ওপর হামলা হয়,” বলেন তিনি।
পরে সরকার দলীয় বহিরাগতরা এসে তাকেসহ আরো অন্তত আট আইনজীবীকে লাঞ্ছিত করে। তারা সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষে ভাংচুরও করে।
এ ব্যাপারে জেলা জজ অদালতের পিপি আব্দুর রহমান রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতালের দিন মামলার কার্যক্রম স্থগিত রাখার বিষয়ে আইনজীবী সমিতিতে কোনো রেজুলেশন নেই।
তিনি বলেন, সকালে মীর রুহুল আমীন বাবুর নেতৃত্বে কয়েকজন আইনজীবী এজলাসে ঢুকে আদালতের চলমান কার্যক্রমে বাধা দেন। এ সময় স্বাধীনতার পক্ষের আইনজীবীরা তা প্রতিহত করেন।
মারপিট বা ভাংচুরের কোনো ঘটনা ঘটেনি বলে তিনি জানান।
সদর থানার ওসি সোহরাব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত প্রাঙ্গণে দু’পক্ষের আইনজীবীদের মধ্যে উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০৪ ঘ.
bdnews24