২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাজরিনকর্মীরা বেতন পাবেন বুধবার

৯৯০ জন শ্রমিকের মধ্যে পুরনোদের ১৩ হাজার ৩৪২ টাকা করে দেয়া হবে বলে সিদ্ধান্ত জানিয়েছে শ্রম মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2012, 12:12 PM

Updated : 24 Aug 2022, 12:35 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগুনে ক্ষতিগ্রস্ত তাজরিন ফ্যাশনসের কর্মীদের বেতন বুধবার পরিশোধ করা হবে বলে শ্রমিক-মালিকদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। মঙ্গলবার শ্রম মন্ত্রণালয়ে এই বৈঠকে তাজরিনের শ্রমিকের সংখ্যা নির্ধারণ হয়েছে ৯৯০ জন। কারখানা বন্ধ হয়ে যাওয়ায় শ্রম আইন অনুযায়ী পুরনো শ্রমিকদের প্রত্যেককে এক মাসের বেতনের সঙ্গে ১৩ হাজার ৩৪২ টাকা করে দেয়া হবে। নতুন শ্রমিকরা পাবেন ১ হাজার টাকা করে। আগুনে ক্ষতিগ্রস্ত আশুলিয়ার ওই কারখানার শ্রমিকদের গত ১ ডিসেম্বর বকেয়া বেতন দেয়ার কথা ছিল। কিন্তু শ্রমিকের তালিকা নিয়ে সন্দেহ ওঠায় তা দেয়া যায়নি বলে মন্ত্রী পরদিন জানিয়েছিলেন। শ্রমিকদের তালিকা যাচাই করে নতুন তালিকা করে বিজিএমইএ ও বিকেএমইএ। তার ভিত্তিতে মঙ্গলবার ৯৯০ জন শ্রমিকের তালিকা চূড়ান্ত হয়। বৈঠকে জানানো হয়, বুধবার সকাল সাড়ে ১০টায় টঙ্গীতে শিল্প সম্পর্কিত প্রশিক্ষণ মিলনায়তনে (আইআরআই) পোশাক শিল্প মালিক নেতা এবং শ্রমিক নেতাদের উপস্থিতিতে বকেয়া বেতন ও পাওনা পরিশোধ করা হবে। তাজরিন কারখানা থেকে বাসে করে শ্রমিকদের সেখানে নেয়া হবে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যেহেতু তাজরিন কারখানাটি বন্ধ ঘোষণা না হলেও কতদিনে চালু হবে তার কোনো নিশ্চয়তা নেই, তাই লে আউট সুবিধার পরিবর্তে শ্রমিকদের ছাঁটাই সুবিধা দেয়া হবে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, শ্রমিকরা এক মাসের বেতনের সঙ্গে শ্রম আইন অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন। যে সব শ্রমিকের চাকরির বয়স তিন মাসের কম, তারা পাবেন ন্যূনতম ১ হাজার টাকা এবং তিন মাসের বেশি যাদের চাকরির বয়স, তারা ক্ষতিপূরণ পাবেন ১৩ হাজার ৩৪২ টাকা করে। তবে তাজরিনের শ্রমিকরা চার মাসের বেতন ও ক্ষতিপূরণের দাবি জানিয়ে আসছিলেন। শ্রমমন্ত্রী বলেন, “সব শ্রমিককে সন্তুষ্ট করেই ক্ষতিপূরণের অর্থ নির্ধারণ করা হয়েছে। শ্রম আইন অনুযায়ী যাদের ক্ষতিপূরণ পাওয়ার কথা নয়, তারাও ক্ষতিপূরণ পাবেন।” জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ বলেন, “সব শ্রমিকের স্বার্থ রক্ষা করেই এ ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে। ক্ষতিপূরণ পাওয়া শ্রমিকদের মধ্যে যারা অন্য কারখানায় চাকরি নিতে চান, তারা চাকরি পাবেন।” শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম, স্থানীয় সংসদ সদস্য আলমগীর মো. তৌহিদ জং মুরাদ, বিজিএমইএ সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দীন, বিকেএমইএ সভাপতি এ কে এম সেলিম ওসমান, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি লাভলী পারভীনও বৈঠকে ছিলেন। গত ২৪ নভেম্বর তুবা গ্রুপের ওই কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১১০ জন শ্রমিকের মৃত্যু হয়। এর বাইরেও অনেকে নিখোঁজ বলে দাবি রয়েছে। বৈঠকে জানানো হয়, আগুন লাগার সময় কারখানায় শ্রমিকের সংখ্যা ছিল ১ হাজার ১২৬ জন। অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেকের পরিবারকে ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হচ্ছে। মঙ্গলবার ক্ষতিপূরণের চেক নিহতদের পরিবারের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৮০৮ ঘ.