খাগড়াছড়ি, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির রামগড় উপজেলার পশ্চিম পাইল্লা ভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুইজন ইউপিডিএফ কর্মীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে রামগড় উপজেলার পশ্চিম পাইল্লা ভাঙ্গা এলাকায় এক বাড়িতে ১৫ ফিল্ড রেজি. আর্টিলারি সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা অভিযান চালায়।
আটককৃতরা হলেন শ্রুতি মোহন চাকমা (৩২) ও বাবুল চাকমা (২২) অস্ত্রসহ আটক করেছে। তারা নিজেদের ইউপিডিএফ কর্মী বলে দাবি করেন বলে জানিয়েছেন ১৫ ফিল্ড রেজি. আর্টিলারি সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর শফি।
তাদের কাছ থেকে একটি বিদেশী বেরেটা পিস্তল, একটি দেশী পিস্তল, ২টি মেগাজিন, ১৫ রাউন্ড গুলি, ২টি মোবাইল সেট, চাঁদা আদায়ের রশিদ ও ৫ হাজার ৭শত টাকা উদ্ধার করা হয়।
মেজর শফি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমারা সংবাদ পেয়েছি দীর্ঘদিন ধরে ঐ এলাকায় কিছু বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসীর আনাগোনা বেড়েছে। তাই অভিযান চালিয়ে আমারা তাদের আটক করতে সক্ষম হয়েছি।”
এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
গুইমারা সাবজোন কমান্ডার মেজর মীর সাফকাত হোসেনের নেতৃত্বে এ অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্র রামগড় থানায় হস্তান্তর করা হবে। আশ্রয়দাতা বাড়িওয়ালা সুব্রত চাকমাসহ তিনজনকে আসামি করে থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫৫১ ঘ.
bdnews24