২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘এ হরতালে নৈতিক সমর্থন দেয়াই অনৈতিক’

জামায়াতে ইসলামী ‘যুদ্ধাপরাধীদের রক্ষায়’ যে হরতাল ডেকেছে তাতে ‘নৈতিক সমর্থন’ দিয়ে খালেদা জিয়া ‘অনৈতিক’ কাজ করেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2012, 07:42 AM

Updated : 24 Aug 2022, 12:36 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামী ‘যুদ্ধাপরাধীদের রক্ষায়’ যে হরতাল ডেকেছে তাতে ‘নৈতিক সমর্থন’ দিয়ে খালেদা জিয়া ‘অনৈতিক’ কাজ করেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। মঙ্গলবার হরতাল চলাকালে সচিবালয়ে নিজের দপ্তরে তিনি সাংবাদিকদের বলেন, “যুদ্ধাপরাধীদের রক্ষার হরতালে বিএনপি নৈতিক সমর্থন দিয়েছে। নৈতিক সমর্থন দিয়ে জোট নেত্রী আবার অনৈতিক কর্মকাণ্ড শুরু করেছেন।” “তাকে আহ্বান জানাব, এটা বন্ধ করুন, নৈতিক কর্মকাণ্ড করার অভ্যাস করুন। এতে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে, জনগণের জানমাল নিরাপদ থাকবে”, বলেন প্রতিমন্ত্রী। যুদ্ধাপরাধে অভিযুক্ত শীর্ষ নেতাদের মুক্তি এবং সমাবেশের অনুমতি না দেয়াসহ বিভিন্ন দাবিতে জামায়াতে ইসলামী মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা এই হরতাল পালন করছে। তাদের প্রধান শরিক বিএনপিও এই হরতালে ‘নৈতিক সমর্থন’ দিয়েছে। গত ২৮ নভেম্বর ১৮ দলীয় জোটের সমাবেশে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়া হয়েছে অভিযোগ করে টুকু বলেন, “খালেদা জিয়ার উপস্থিতিতে একজন জামায়াত নেতা কি হুমকি দিয়েছেন? তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবননাশের হুমকি দিয়েছেন।” এই আওয়ামী লীগ নেতা অভিযোগ করেন, “২০০৪ সালে খালেদা জিয়ার সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে তখনকার বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা হয়। তার প্রাণনাশের চেষ্টা করা হয়। তাদের পক্ষেই জ্বালাও পোড়াও করা সম্ভব, তাদের পক্ষেই গণতন্ত্রকে নস্যাৎ করতে সর্বশক্তি নিয়োগ করা সম্ভব”। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে টুকু বলেন, “অনৈতিক কর্মকাণ্ড করে আপনি নিজেকে জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করছেন। এ পথ পরিহার করুন। যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়াকে সমর্থন করুন এবং এদের বিরুদ্ধে কথা বলতে শুরু করুন।” জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “জনগণই ক্ষমতার উৎস। তাই পরিকল্পিতভাবে জাতির চেতনা সমৃদ্ধ করার মাধ্যমে জামায়াত-শিবিরের রাজনীতিকে নিষিদ্ধ করা হবে।” যুদ্ধাপরাধীদের বিচারের কাজ এগিয়ে যাচ্ছে বলেই ‘যুদ্ধাপরাধী মিত্রদের রক্ষায়’ জোটের শরিকরা আন্দোলনের কর্মসূচি দিয়েছে বলেও তিনি মন্তব্য করেন। “জামায়াতের রাজনীতিই হলো অবৈধ কর্মকাণ্ড করা। এটা দেশের মানুষ জেনে গেছে। স্বাধীনতার ৪০ বছর পর এখনো বাংলাদেশকে সমর্থন বা স্বীকার করেনি তারা। মুক্তিযুদ্ধের সময় করা কর্মকাণ্ডের জন্য তারা এখনো ক্ষমা চায়নি। তাদের পক্ষে এসব করা সম্ভব, বলেন তিনি। দিনাজপুরে সোমবার এক শিবির কর্মী নিহতের ঘটনায় স্থানীয় উপজেলা নির্বাহী কর্মর্কতার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও প্রতিমন্ত্রী জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৩৩০ ঘ.