২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মগবাজারে ডায়াগনস্টিক সেন্টারে হরতাল বিরোধীদের ভাংচুর

জামায়াতে ইসলামীর ডাকা হরতাল চলার সময় মগবাজারে ইনসাফ ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালিয়েছে হরতাল বিরোধীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2012, 07:27 AM

Updated : 24 Aug 2022, 12:36 PM

ঢাকা, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর ডাকা হরতাল চলার সময় মগবাজারে ইনসাফ ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালিয়েছে হরতাল বিরোধীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান অপরাধ বিষয়ক প্রতিবেদক লিটন হায়দার এ সময় ঘটনাস্থলে ছিলেন। তিনি জানান, মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ শ্লোগান দিয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর কিছু কর্মী ডায়াগনস্টিক সেন্টারে ভাংচুর শুরু করে। এ সময় টহল পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। নিরাপত্তা প্রহরী লিটন তালুকদার বলেন, “মগবাজার ইনসাফ ডায়গনস্টিক এ্যান্ড কনসাল্টেন্সি সেন্টারে স্থানীয় যুবলীগ কর্মীরা সকালে হামলা চালায়। সেন্টারের বাইরে কিছু কাঁচ ভাংচুর করে তারা। এ সময় তোরা জামায়াত-শিবির করিস- এ কথা বলে সোহরাব (৫০), মাসুদ রানা (৩০) ও ফয়সাল (৩০) নামে তিনজনকে ধরে নিয়ে যায়।” যুদ্ধাপরাধে অভিযুক্ত শীর্ষনেতাদের মুক্তি এবং সমাবেশের অনুমতি না দেয়াসহ বিভিন্ন দাবিতে জামায়াতে ইসলামী সোমবার দুপুরে এই হরতাল ডাকে। তাদের প্রধান শরিক বিএনপিও এই হরতালে নৈতিক সমর্থন দিয়েছে। হরতালে বিশৃঙ্খলা ঠেকাতে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। ভোর থেকেই প্রতিটি সড়কে বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব সদস্য মোতায়েন থাকতে দেখা গেছে। পাশাপাশি সাদা পোশাকে মাঠে রয়েছে বিপুল সংখ্যক পুলিশ। মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশেও বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএইচসি/এসইউ/১৩২০ ঘ.