গাইবান্ধা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর বাজার হকার্স মার্কেটের শতাধিক দোকান আগুনে পুড়ে গেছে।
সোমবার মধ্যরাতে মার্কেটের শীতের পুরাতন কাপড়ের একটি দোকানে বৈদ্যুতিক শট-সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন জানান, রাত সাড়ে ১১টার দিকে পুরাতন কাপড়ের এক দোকান থেকে আগুন মুহূর্তের মধ্যে আশপাশের দোকান গুলোয় ছড়িয়ে পড়ে।
এতে প্রায় একশ’ পুরাতন শীতের কাপড়ের দোকান, স্টেশনারি, মুদি, মনোহারী, চাল ও লৌহ সামগ্রীর দোকান পুড়ে যায়।
গাইবান্ধা ফায়ার সার্ভিস সিভিল ও ডিফেন্সের স্টেশন অফিসার ময়নুল ইসলাম জানান, গাইবান্ধা ও বগুড়ার সোনাতোলা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২৩৭ ঘ.
bdnews24