ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুলিয়ার তাজরীন ফ্যাশনস্ে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ২৪ নভেম্বর তুবা গ্রুপের ওই কারখানায় অগ্নিকা-ে অন্তত ১১০ জন শ্রমিক নিহত হন। এর মধ্যে ৫৩ জনের লাশ এতোটাই পুড়ে যায় যে, তাদের পরিচয় জানা সম্ভব হয়নি।
ওই অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৪৩ জনের পরিবারের সদস্যদের হাতে মঙ্গলবার আর্থিক সহায়তার চেক তুলে দেন শেখ হাসিনা। নিহত প্রত্যেকের জন্য ছয় লাখ টাকা করে পেয়েছেন পরিবারের সদস্যরা।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, শ্রম মন্ত্রণালয়, বিজিএমইএ, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও লি অ্যান্ড ফাংয়ের পক্ষ থেকে এই সহায়তা দেয়া হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে নিহতদের স্বজনদের হাতে চেক তুলে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “যারা আপনজন হারিয়েছেন, তাদের তো আর আপনজন ফেরত দিতে পারব না। আমরা আপনাদের পাশে থাকব।”
“যতো রকম সহযোগিতা লাগে আমরা করব। আপনারা যেন কষ্ট না পান, জীবনটা যেন ভালোভাবে চলতে পারে- সেজন্য যতটুকু করার করব”, বলেন শেখ হাসিনা।
নিহতদের পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেয়ার সময়ে অনেকেই প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ফেলেন।
ওই ঘটনায় আহতদের জন্যও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার করে টাকা দেওয়া হচ্ছে।
আর্থিক সহায়তা তুলে দেয়ার পর নিহতদের পরিবারের সদস্যদের গত সোমবার রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, জামালপুর, ময়মনসিংহ, ফরিদপুর, নাটোর, কুড়িগ্রাম, রাজবাড়ি, কিশোরগঞ্জ, শরীয়তপুর, পিরোজপুর, গাইবান্ধা ও পাবনা থেকে সরকারি ব্যবস্থাপনায় ঢাকায় আনা হয়। মঙ্গলবার আবার তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে পৌঁছে দেয়া হবে।
নিহতদের মধ্যে যাদের পরিবার এদিন প্রধানমন্ত্রীর হাত থেকে আর্থিক সহায়তা নিতে পারেনি, তাদের ছয় লাখ টাকার আর্থিক সহায়তা পৌঁছে দেয়া হবে জেলা প্রশাসকের মাধ্যমে।
শেখ হাসিনা বলেন, “এখানে আমরা অনেকেই স্বজন হারানোর কান্না দেখেছি। যারা তাদের স্বজনদের হারিয়েছেন, আমরা তাদের ফিরিয়ে দিতে পারব না।
“অনেকে কাজ করতে গিয়েছিলেন একটু স্বচ্ছলতার আশায়। তাদের সব আশা-আকাঙ্খা শেষ হয়ে গেছে।”
নিহত শ্রমিকদের সহায়তায় যারা এগিয়ে এসেছেনে তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমরা আমাদের মতো চেষ্টা করছি।”
এ রকম ঘটনা যাতে আর না ঘটে সেজন্য পোশাক খাত সংশ্লিষ্ট সবাইকে আরো সতর্ক হওয়ার আহবান জানান প্রধানমন্ত্রী।
“এ ধরনের মর্মান্তিক ঘটনা যেনো না ঘটে। তাই আমরা চাই সকলে ব্যবস্থা নেবেন।”
শিল্প প্রতিষ্ঠানে আগুন লাগানোর ‘সর্বনাশা খেলা’ সম্পর্কেও সবাইকে সজাগ থাকার আহবান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “শ্রমিকদের টাকা দিয়ে নিজেদের কারখানায় আগুন লাগাতে প্ররোচিত করা হয়। এটা কারা করে, তা খুঁজে বের করতে হবে। কেন এই সর্বনাশা খেলা?”
অন্যদের মধ্যে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম, সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, বিজিএমইএ সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম মজুমদার চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/জেকে/১৫০২ ঘ.
bdnews24