ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বায়োগ্যাস ব্যবহারে উৎসাহিত করতে সারা দেশে ‘বায়োগ্যাস সপ্তাহ ২০১২’ পালন করছে অবকাঠামো খাতের উন্নয়নে সরকারি সংস্থা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)।
বায়োগ্যাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহার বাড়াতে ৩ থেকে ৮ ডিসেম্বর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ সপ্তাহ পালিত হবে।
দেশজুড়ে এসব কর্মসূচির মধ্যে রয়েছে- সেমিনার, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ইতিমধ্যে কর্মসূচির অংশ হিসেবে সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
আগামী ৫ ডিসেম্বর সকাল ১০টায় রংপুর, নাটোর, শেরপুর, বরিশাল, মুক্তাগাছা ও পাবনায় একযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে।
৬ ডিসেম্বর চুয়াডাঙ্গায়, ৭ ডিসেম্বর খুলনা এবং সবশেষে ৮ ডিসেম্বর চট্রগ্রাম, জয়পুরহাট, কুষ্টিয়া, টাঙ্গাইল এবং ঢাকাতেও একই কর্মসূচি পালিত হবে।
এছাড়া এসব স্থানে বায়োগ্যাস বিষয়ে জনসচেতনতা বাড়াতে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকবে।
এই আয়োজনে ইডকলের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে- অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, সময় টেলিভিশন ও এবিসি রেডিও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এইচএএইচ/এইচএ/২৩৫০ ঘ.
bdnews24