ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াত ইসলামীর ডাকা হরতালে মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম চলবে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত সি-১ ও সি-২ ইউনিটের ভর্তির প্রক্রিয়া শুরু হবে।
বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আনোয়ারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাক্রম অনুসারে যারা নির্বাচিত হয়েছেন তাদের ভর্তি প্রক্রিয়া মঙ্গলবার সকাল থেকে শুরু হবে।
তিনি জানান, ৪ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বরের মধ্যে ভর্তি হতে হবে। তবে মাঝখানে ৭, ৮ ও ৯ ডিসেম্বর ভর্তি প্রক্রিয়া বন্ধ থাকবে।
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যাললয়েও ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে ভর্তি সাক্ষাৎকার নেয়া হবে।
সোমবার বিশ্ববিদ্যালয়ে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব ছাত্র-ছাত্রী মঙ্গলবার সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবে না, তাদের সাক্ষাৎকার ৫ এবং ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত শীর্ষ নেতাদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৯১০ ঘ.
bdnews24