মাগুরা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার বিভিন্ন স্থান থেকে আটক জামায়াতে ইসলামীর ছয় কর্মীর মধ্যে তিন জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বাকিদের জামিনে মুক্তি দেয়া হয়।
রোববার রাতে মাগুরার সদর, শ্রীপুর ও ও মহম্মদপুর উপজেলা থেকে ছয় কর্মীকে আটক করেছে পুলিশ।
আটক ছয়জন হলেন জেলা শহরের দরি মাগুরার বাদশা আলম, বাকিউল, সবুজ মোল্লা, মহম্মদপুরের দাতিয়াদহ গ্রামের মো. হারুন শেখ, শ্রীপুরের কমলপুর গ্রামের ইলিয়াসুজ্জামান ও গয়েশপুরের মুক্তার হোসেন।
সোমবার আদালতে হাজির করলে বাদশা, সবুজ ও বাকিউলের জামিন হয়।
সদর ও শ্রীপুর থানার ওসি জাহাঙ্গীর আলম (দুজনের একই নাম) এবং মহম্মদপুর থানার ওসি সগির মিঞা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাশকতা সৃষ্টির আশংকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫৩৮ ঘ.
bdnews24