ঠাকুরগাঁও, ডিসেম্বর ০৩, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে বিএসএফ।
সোমবার ভোরে বৈরচুনা সীমান্তের নওডাঙ্গা এলাকার মাঠে ধান কাটতে গেলে বিএসএফ- এর গুলিতে নিহত হন তিনি বলে জানায় বিজিবি।
নিহত গনেশ (২৬) পীরগঞ্জ উপজেলার দস্তমপুর গ্রামের শরৎচন্দ্রের ছেলে।
দিনাজপুরস্থ বিজিবি ২ এর অধিনায়ক কর্নেল আহম্মদ জানান, এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।
“লাশ ফেরতের নিয়ে আলোচনার প্রক্রিয়া চলছে তবে এখন পতাকা বৈঠকের সময় নির্ধারণ হয়নি।”
তিনি জানান, সোমবার ভোরে গনেশ নওডাঙ্গায় ‘ধান কাটতে’ যায়। এ সময় ভারতের ১৩৪ গৌরিপুর বিএসএফ ক্যাম্পের টহল দল তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
“এতে গনেশ ৩৩৪/৪ এস পিলার এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। বিএসএফ তার লাশ কাটাতারের বেড়ার এপার থেকে টেনে হিচড়ে ভারতে নিয়ে যায়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪২৫ ঘ.
bdnews24