২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের ওপর ক্ষেপলেন নির্বাচন কমিশনার মোবারক

প্রধান নির্বাচন কমিশনারকে প্রশ্ন করায় সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়লেন নির্বাচন কমিশনার আবদুল মোবারক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2012, 05:02 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান নির্বাচন কমিশনারকে প্রশ্ন করায় সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়লেন নির্বাচন কমিশনার আবদুল মোবারক। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপের পঞ্চম দিন রোববার হঠাৎ সাংবাদিকদের ওপর ক্ষেপে ওঠার বিষয়ে তার বক্তব্য, সাংবাদিকরা ‘সীমা লঙ্ঘন’ করছে। এদিকে নির্বাচন কমিশনারের এই আচরণের প্রতিবাদে নির্বাচন সংক্রান্ত প্রতিবেদকদের সংগঠন ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি-আরএফইডি’ সংলাপের সংবাদ বর্জন এবং ইসির সামনে অবস্থানের ‘প্রতীকী’ কর্মসূচি দিয়েছে। রোববার কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষ হওয়ার পর প্রধান বিরোধী দল বিএনপির অংশ না নেয়ার বিষয়ে সিইসি কাজী রকিবউদ্দিন আহমদের প্রতিক্রিয়া জানতে চাইছিলেন সাংবাদিকরা। একজন সাংবাদিক জানতে চান- দলীয় সরকারের অধীনে নির্বাচনের সময় সবার জন্য সমান সুযোগ তৈরিতে ইসির অবস্থান কী হবে? সিইসি বিষয়টা এড়িয়ে তখন ‘তার বক্তব্য গণমাধ্যমে সঠিকভাবে প্রকাশের বিষয়ে’ সাংবাদিকদের তাগিদ দেন। আগের সাংবাদিকের প্রশ্নের রেশ ধরে সম্পূরক প্রশ্ন করছিলেন আরেকজন। এতে উত্তেজিত হয়ে ওঠেন সাবেক যুগ্ম সচিব ও বর্তমান নির্বাচন কমিশনার মোবারক। তিনি দাঁড়িয়ে প্রশ্নকারী সাংবাদিককে বলেন, “ওই সাংবাদিক যদি সিইসির উত্তরে সন্তুষ্ট থাকেন, আপনি (দ্বিতীয়জন) প্রশ্ন করবেন কেন? একজন সহকর্মীকে এভাবে আন্ডার মাইন্ড করবেন না। সিইসি যা বলেছেন স্পষ্ট করেই বলেছেন, উনার (সাংবাদিক) কী বুদ্ধি কম, বুঝতে অসুবিধা?” “আপনারা আসলে সীমা লঙ্ঘন করছেন,” বলেই চলেন নির্বাচন কমিশনার। এই পর্যায়ে আরেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাবেদ আলী সাংবাদিকদের সংবিধানের ১২৩ অনুচ্ছেদ পড়ার পরামর্শ দেন। অন্যদিকে সিইসি ও অন্য নির্বাচন কমিশনাররা উঠে আব্দুল মোবারককে শান্ত করেন, যদিও তিনি তখনো কথা বলেই যাচ্ছিলেন। ঘটনার আকস্মিকতায় ‘থ’ বনে যাওয়া সাংবাদিকদের তখন ডেকে নিজের কক্ষে নিয়ে যান একজন নির্বাচন কমিশনার। তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। আব্দুল মোবারকের ওই সহকর্মী বলেন, তিনি সিইসির সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন। গত ফেব্রুয়ারিতে ৫ সদস্যের ইসি গঠনের পর এই ধরনের অভিজ্ঞতা এটাই প্রথম বলে জানান উপস্থিত সাংবাদিকরা। এম এ আজিজ নেতৃত্বাধীন কমিশনে সাংবাদিকদের অনাকাক্সিক্ষত ঘটনার মুখোমুখি হতে হয়েছিল। এক সময়ে সাংবাদিক প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করে ওই কমিশন। এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন ইসি সাংবাদিকদের কার্যক্রম সীমিত করতে ইসি কার্যালয়ের এক পাশে তালা ঝুলিয়ে রেখেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২৩০০ ঘ.