ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এম সোহায়েল রোববার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাতে রাজধানীর টেকনিক্যাল মোড়ে গোপন সংবাদ ও নজরদারির ভিত্তিতে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে সাংগঠনিক বই, লিফলেট, ভিসিডি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন শেখ রহমত উল্লাহ (৩৩), মো. শাহিনুজ্জামান (২৭), মো. অমিত হাসান (২৬), মো. শরীফুল ইসলাম (২৩) ও মো. সাইদুর (৪০)।
সোহায়েল বলেন, “গত কয়েক সপ্তাহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর যে হামলা চলছে তাতে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনগুলো জড়িত। ধর্মভিত্তিক রাজনৈতিক দলে যোগ দিয়ে তারা এখন তিনটি এজেন্ডা নিয়ে কাজ করছে। সেগুলো হল, রোহিঙ্গাদের বাংলাদেশে প্রতিষ্ঠা ও সহযোগিতা, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বিঘœ সৃষ্টি করা ও যুদ্ধাপরাধীদের রক্ষা করা।”
তিনি বলেন, “তাদের থেকে পাওয়া সিডি দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতাকে তারা টার্গেট করেছে। তাদের টার্গেটে প্রতিবেশী দেশের কয়েকজন নেতাও রয়েছে।”
তবে নিরাপত্তার অজুহাতে নেতাদের নাম প্রকাশ করেননি র্যাবের এই পরিচালক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএম/এসইউ/১২৩৫ ঘ.
bdnews24