২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তনে এমডিজি বাধাগ্রস্ত হচ্ছে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না হলেও এর প্রভাবে বাংলাদেশ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এর ফলে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনও বাধাগ্রস্ত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2012, 03:16 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না হলেও এর প্রভাবে বাংলাদেশ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এর ফলে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনও বাধাগ্রস্ত হচ্ছে। তিনি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় উন্নয়ন সহযোগীদের এগিয়ে আসারও আহ্বান জানান। শনিবার জলবায়ু পরিবর্তন বিষয়ক এক সিম্পোজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ-জাপান সোসাইটি ফর দ্য প্রমোশন অব সায়েন্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন (বিজেএসপিএসএএ) পরমাণু শক্তি কমিশন মিলনায়তনে ‘বিশ্বে জলবায়ু পরিবর্তন : প্রভাব, ঝুঁকি ও অভিযোজন’ শীর্ষক এ সিম্পোজিয়ামের আয়োজন করে। খাদ্যমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, ঝুঁকি হ্রাস ও প্রতিকূল পরিবেশ সহনীয় প্রকল্প বাস্তবায়নে কাজ করছে সরকার। এজন্য বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ডে (বিসিসিআরএফ) প্রতি বছর ৬৬৭ কোটি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে। বিশ্বব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল (বিসিসিটিএফ) নামে আরো একটি তহবিলের কার্যক্রম চলছে। ইতোমধ্যে জলবায়ু পরিবর্তন মোকাবেলার কর্মকৌশল এবং কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও ঝুঁকি মোকাবেলায় সরকার ও বেসরকারি সংস্থাগুলো সম্মিলিতভাবে কাজ করছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের ওপর আলোকপাত করে আব্দুর রাজ্জাক উল্লেখ করেন, বিশ্বের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে মেরু অঞ্চলের বরফ গলে ২০০৩ সাল পর্যন্ত প্রতি বছর সমূদ্রের পানির উচ্চতা বেড়েছে এক দশমিক আট মিলিমিটার। ২১০০ সাল নাগাদ উষ্ণতা এক দশমিক এক থেকে ছয় দশমিক চার ডিগ্রি পর্যন্ত বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ২০৮০ সালের মধ্যে সমূদ্রপৃষ্ঠের উচ্চতা ৩৪ সেন্টিমিটার পর্যন্ত বাড়বে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এ পরিস্থিতিতে উন্নয়নশীল দেশগুলোকে একযোগে কাজ করতে হবে। বিজেএসপিএসএএ’র সভাপতি নঈম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য আখতার হোসেন, পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান এএসএম ফিরোজ, ঢাকায় জাপান দূতাবাসের মিনিস্টার হিরোয়ুকি মিনামি, জাপান সোসাইটি ফর দ্য প্রমোশন অব সায়েন্স (জেএসপিএস) ব্যাংকক অফিসের পরিচালক কুনিয়াকি ইয়ামাশিতা ও অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তোফাজ্জল ইসলাম বক্তব্য দেন। এতে কর্ম-অধিবেশনে দু’টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। জাপানের কোগোশিমা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের শুনসুকে কোশিও ‘ট্রেন্ডস অব ওয়ার্ল্ড অ্যাকুয়াকালচার অ্যান্ড অ্যাকুয়াফিড ডেভেলপমেন্ট’ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নঈম চৌধুরী ‘গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ- ইমপ্যাক্ট, ভালনার‌্যাবিলিটি অ্যান্ড অ্যাডাপ্টেশন বাংলাদেশ সিনারিও’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২১০০ ঘ.