সাভার, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় একটি রপ্তানিমুখী ব্যাগ তৈরির কারখানা ও বেশকিছু যানবাহন ভাঙচুর করেছে বহিরাগত শ্রমিকরা।
এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টাধাওয়ায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
শনিবার বিকালে আশুলিয়ার পুকুড়পাড় এলাকায় পিকার্ড বাংলাদেশ লিমিটেডের কারখানায় এ ঘটনা ঘটে।
আশুলিয়া শিল্প পুলিশের উপ-পরিচালক মোক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে তিনটার দিকে বহিরাগত কিছু শ্রমিক পিকার্ড বাংলাদেশ লিমিটেডের কারখানার শ্রমিকদের বাইরে বের করে আনার চেষ্টা করে।
পরে বহিরাগতরা কারখানায় ঢুকে কর্মকর্তাদের ব্যবহৃত বেশকিছু যানবাহন ও কারখানায় ব্যাপক ভাঙচুর চালায় এবং মূল ফটকের বাইরে কাঠের টুকরো জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেয় ।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
সংঘর্ষে আহত শতাধিক শ্রমিক আশপাশের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
পিকার্ড বাংলাদেশ লিমিটেডের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ জহির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হঠাৎ করেই ৭০/৮০ জন বহিরাগত শ্রমিক এসে কারখানায় জোরপূর্বক প্রবেশ করে। তারা শ্রমিকদের বের করে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হলে তিনতলার কারখানাটিতে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় তারা কারখানার আসবাবপত্র, মেশিনারি ও জানালা-দরজা ভাঙচুর করে।
এ ছাড়া কারখানার ভেতরে থাকা কর্মকর্তাদের ব্যবহৃত ১০টি মাইক্রোবাস ভাঙচুর করেছে বলেও দাবি করেন তিনি।
পরে আতঙ্কগ্রস্ত হয়ে কারখানার প্রায় ১৫শ’ শ্রমিক বাইরে বের হলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বহিরাগত শ্রমিকরা কারখানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি জানিয়ে তিনি বলেন, কারখানা কর্তৃপক্ষকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/১৮৩৬ ঘ.
bdnews24