বরিশাল, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের হিজলা উপজেলায় এক শিশুকন্যাকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার রাত সাড়ে ৩টায় উপজেলার দক্ষিণ বাউশিয়া গ্রামের শিশুটির নানাবাড়ি থেকে আড়াই মাস বয়সী জমিলা আক্তার মুন্নি নিখোঁজ হয়। পরে নানাবাড়ি অদূরে এক পুকুরপাড়ে তার লাশ পাওয়া যায়।
নিহত মুন্নি মেহেন্দীগঞ্জ উপজেলার আন্ধারমানিক গ্রামের মো. মনির হাওলাদারের মেয়ে। মনির ঢাাকার এক রেস্টুুরেন্টের কর্মচারী।
হিজলা থানার ওসি মো. শওকত আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত তিনটার দিকে মুন্নির মা প্রকৃতির ডাকে ঘর থেকে বাইরে বের হন। কিছুক্ষণ পর ফিরে মুন্নিকে ঘরে দেখতে না পেয়ে চিৎকার শুরু করেন।
“পরে বাড়ি থেকে ৫০ ফুট দূরে পুকুরে ঘাটে মৃত অবস্থায় তাকে পাওয়া যায়। মুন্নিকে শ্বাসরোধ করে হত্যার পর ফেলে রাখা হয়।”
এ ঘটনায় শিশুটির দাদা রুস্তুম হাওলাদার বাদী হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
শিশুটির লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২৫৫ ঘ.
bdnews24