ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ধানমন্ডিতে রাপা প্লাজার পাশের বহুতল একটি ভবনের বেসমেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে বলে জানিয়েছে অগ্নি নির্বাপক বাহিনী।
নবনির্মিত ওই ১৪ তলা ভবনে শনিবার বেলা সোয়া ১২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
বেজমেন্ট থেকে ধোঁয়া বের হতে শুরু করলে ওই ভবনের মার্কেন্টাইল ব্যাংকের শাখাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা নিচে নেমে আসেন।
খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে যান।
বাহিনীর সহকারী পরিচালক মনির হোসেন দুপুর সোয়া ১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। তবে বেজমেন্টে ধোঁয়া আটকে থাকায় আরো কিছু সময় ধরে তা বের হবে।
তিনি বলেন, বেজমেন্টে পড়ে থাকা কাগজ বা অন্য কিছু থেকে এই আগুনের সূত্রপাত।
“কেউ সিগারেট খেয়ে ফেলার কারণে সম্ভবত এই আগুনের সূত্রপাত হয়েছে। তবে তা তদন্তে জানা যাবে।”
এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।
রাপা প্লাজার পেছনে ধানমন্ডি ২৭ নম্বর সড়কে ‘সীমা ব্লসম’ ভবনটি কয়েক মাস আগেই চালু হয়। এটি নির্মাণ করেছে কমপ্রিয়েনসিভ হোল্ডিংস লিমিটেড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৩৩৩ ঘ.
bdnews24