২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রশিবিরের ধর্মঘটেও ক্লাস চলছে চট্টগ্রাম মেডিকেলে

ইসলামী ছাত্রশিবিরের ধর্মঘটের মধ্যেও ক্লাস চলছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2012, 05:05 AM

Updated : 24 Aug 2022, 12:34 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী ছাত্রশিবিরের ধর্মঘটের মধ্যেও ক্লাস চলছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক)। গত ১৮ নভেম্বর চমেক ছাত্রাবাস থেকে গ্রেপ্তার সংগঠনের ৩৯ কর্মীর মুক্তি দাবিতে শনিবার থেকে কলেজে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছিল শিবির। তবে সকাল থেকে ক্যাম্পাসে সংগঠনটির কোনো তৎপরতা দেখা যায়নি। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে। চমেক অধ্যক্ষ সেলিম মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ক্যাম্পাস পরিস্থিতি স্বাভাবিক। ক্লাস ও পরীক্ষা চলছে। তবে শিবিরের চমেক শাখার ভারপ্রাপ্ত সভাপতি মহসিন আব্দুল্লাহ দাবি করেছেন, তাদের কর্মসূচিতে শিক্ষার্থীরা সাড়া দিয়েছে। “ক্যাম্পাসকে সচল দেখানোর জন্য ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেরা ক্লাস করছে,” বলেন তিনি। ক্যাম্পাসে শিবিরের কোনো নেতা-কর্মী না থাকার বিষয়ে মহসিন বলেন, “আমরা ধর্মঘট আহ্বান করেছি, সেজন্য আমাদের নেতা-কর্মীরা কেউ ক্লাস করতে ক্যাম্পাসে যায়নি।” অ্যাকাডেমিক ভবনে তালা লাগানো হয়েছিল জানিয়ে শিবির নেতা বলেন, ছাত্রলীগকর্মীরা তালা ভেঙে ক্লাসে ঢুকেছে। তবে চমেক ছাত্রলীগের সভাপতি মেজবাউল ইসলাম এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, শিবিরের লাগানো তালা প্রশাসন ভেঙেছে। তিনি বলেন, ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে। তারা শিবিরের কর্মসূচি প্রত্যাখ্যান করেছে। গত ১৮ নভেম্বর নগরীর ষোলশহরে জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল থেকে পুলিশের পিকআপ ভ্যানসহ কয়েকটি বাস ও ট্রাক ভাংচুর হয়। ওই ঘটনায় জড়িত অভিযোগে চমেক ছাত্রাবাস থেকে গ্রেপ্তার করা হয় ৩৯ জনকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমআই/১১০১ ঘ.