ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারা দেশের বিভিন্ন রেস্তোরাঁ কিংবা ঢাকা শহরে পছন্দসই বাড়ি ভাড়ার খোঁজ পেতে দুটি ওয়েবসাইট চালু হয়েছে।
তথ্যসেবাদানকারী প্রতিষ্ঠান নেভিগেশনবিডি শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে তাদের নিজস্ব কার্যালয়ে এই ওয়েবসাইট দুটির উদ্বোধন ঘোষণা করে।
সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার (মানবসম্পদ ও প্রশাসন) মেহেদী মাসুদ জানান, www.bdfoodnavi.com ওয়েবসাইটটিতে দেশের ৬৪ জেলার প্রায় ২ হাজারের বেশি রেস্তোরাঁর নাম, ঠিকানাসহ তাদের বিখ্যাত খাবারগুলোর নাম মূল্যতালিকাসহ সন্নিবেশিত হয়েছে। এখান থেকে ক্রেতারা তাই সহজেই তার পছন্দের রেস্তোরাঁ কিংবা খাবারটি খুঁজে নিতে পারবেন।
তিনি বলেন, “বিশ্বব্যাপী পর্যটকদের আকৃষ্ট করতে এটা যেমন সহায়ক হবে তেমনি সম্ভাব্য ক্রেতার মাধ্যমে রেস্তোরাঁ মালিকের ব্যবসা স¤প্রসারণের ক্ষেত্রেও ওয়েবসাইটটি ভূমিকা রাখবে।”
অন্যদিকে একই সঙ্গে চালু হওয়া www.home-tolet.com ওয়েবসাইটটি সম্পর্কে প্রতিষ্ঠানটির সেলস ম্যানেজার আরিফুল ইসলাম বলেন, ঢাকা শহরে কাঙ্ক্ষিত বাড়ি ও বাণিজ্যিক স্থান খুঁজে পেতে বাড়িওলা এবং ভাড়াটিয়া উভয়ের জন্যই সহায়ক হবে এই ওয়েবসাইট।
“এর মাধ্যমে বিদেশি ভাড়াটিয়াদের প্রবেশও সহজ হবে বলে আমাদের বিশ্বাস।”
দেশের অন্য জেলা শহরগুলোর জন্যও এই সেবা পর্যায়ক্রমে বিস্তৃত হবে বলে জানান তিনি।
আরিফুল আরো বলেন, মূলত নেভিগেশন বিডি পরিচালিত হচ্ছে বাংলাদেশ-জাপান ইনফরমেশন টেকনোলজি (বিজেআইটি) নামক একটি প্রতিষ্ঠানের আওতায়। দেশের বাইরে ফিনল্যান্ড, জাপান এবং থাইল্যান্ডে প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের তথ্যভিত্তিক সেবা দিয়ে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য সোহরাব আলী সানা ও নেভিগেশনবিডি’র পরিচালক হোসনে আরা জেসমিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/১০৩০ ঘ.
bdnews24