জয়পুরহাট, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বৃহত্তম চিনি উৎপাদন কারখানা জয়পুরহাট চিনিকলে ৫০তম আখ মাড়াই মওসুম শুরু হয়েছে।
শুক্রবার বিকালে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের পর চিনিকলের ডোংগায় আখ নিক্ষেপের মধ্য দিয়ে মাড়াইয়ের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) আমিনুল হক, ইক্ষু সম্প্রসারণ ও বিপণন বিভাগের প্রধান (সিপিই) আজিজুর রহমান, জয়পুরহাট চিনিকলের ব্যাবস্থাপনা পরিচালক শহিদ উল্ল্যাহ, মহা-ব্যাবস্থাপক শাহানুর আলম, ডেপুটি ম্যানেজার জাহেদ আলী আনসারী, আখচাষী কল্যাণ সমিতির সভাপতি আবু তালেব চৌধুরী বাবু, চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক খোরশেদ আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও আখচাষীরা উপস্থিত ছিলেন।
এদিকে আখ মাড়াই শুরু হলেও এই চিনিকলে শ্রমিক ও আখ সরবরাহকারী কৃষকদের বকেয়া, উৎপাদিত চিনি অবিক্রিত থাকাসহ নানা অর্থিক সংকট বিরাজ করছে।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক শহীদ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বছর উৎপাদিত চিনির মধ্যে এখনও দুই হাজার ৯শ’ মেট্রিক টন অবিক্রিত রয়ে গেছে, যার বাজার মূল্য সাড়ে ১৪ কোটি টাকারও বেশি।
তিনি জানান, প্রয়োজনীয় আখ না পাওয়ায় গত বছর চিনিকলটি লোকসান গুণেছে ২৫ কোটি টাকা। আর এ পর্যন্ত এ চিনিকলের মোট ঋণের পরিমাণ ১৬০ কোটি টাকা।
মাথাভারী জনবল, নানা অনিয়ম আর উৎপাদন খরচ বেশি পড়ায় ক্রমবর্ধমান লোকসানের দিকেই যাচ্ছে দেশের বৃহত্তম এই চিনিকলটি।
সময়মত আখের দাম পরিশোধ করতে না পারায় আখ চাষীরা আস্থা হারাচ্ছে চিনিকল প্রশাসনের ওপর। নিয়মিত বেতন-ভাতা না পাওয়ায় ক্ষোভ বাড়ছে শ্রমিক-কর্মচারীদের মধ্যে।
১৯৬২ সালে চালু হওয়া জয়পুরহাট চিনিকল এরই মধ্যে পার করেছে ৪৯টি মাড়াই মৌসুম। প্রতি মৌসুমে কারখানাটির উৎপাদন ক্ষমতা প্রায় ২১ হাজার মেট্রিক টন। ১৯৭১ সালের পর থেকে ক্রমেই বাড়ছে এর লোকসানের বোঝা।
ব্যবস্থাপনা পরিচালক শহীদ উল্লাহ আরো জানান, এসব সমস্যা সত্ত্বেও জয়পুরহাট চিনিকল জোনে চলতি মাড়াই মৌসুমে আখ চাষ হয়েছে ১১ হাজার ৫শ’ একর জমিতে। এসব জমি থেকে প্রায় ৯০ হাজার মেট্রিক টন আখ পাওয়া যাবে, যা থেকে ছয় হাজার সাতশ’ ৫০ মেট্রিক টন চিনি উৎপাদন করা সম্ভব।
এদিকে ক্রমাগত লোকসানের কারণ হিসেবে বিদেশ থেকে কম দামের চিনি আমদানি ও উৎপাদন খরচ বৃদ্ধিকে দায়ী করেছেন চিনিকল শ্রমিক-কর্মচারীরা।
কারখানাটিতে বর্তমানে এক হাজার ১১৪ জন শ্রমিক-কর্মচারী রয়েছেন। তারা নিয়মিত বেতন-ভাতা পান না। এখনো তাদের এক কোটি দশ লাখেরও বেশি টাকার বেতন বকেয়া রয়েছে। এ ছাড়া অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের অবসরকালীন গ্র্যাচ্যুইটির ৪ কোটিরও বেশি টাকার পাওনা আজো পরিশোধ করতে পারেনি কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/এইচএ/২২৪৫ ঘ.
bdnews24