মাদারীপুর, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের স্কুলছাত্রী রাবেয়া আক্তার রিয়া হত্যায় জড়িত থাকার কথা জানিয়েছে ধর্ষণ ও হত্যা মামলার আসামি মিলন মোল্লা (১৭)।
মাদারীপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সামনে এ স্বীকারোক্তি দেয় মিলন।
মিলনকে বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার শ্রীনদী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে রাতেই তাকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
গত সোমবার প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে রিয়াকে ধর্ষণ শেষে হত্যা করে তার লাশ শ্রীনদী উত্তরকান্দি জামে মসজিদের পাশে ফেলা রাখা হয়। মঙ্গলবার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়।
রিয়া (৮) এলাকার গাউচ মুফতির মেয়ে। সে কোটবাড়ি শ্রীনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। মিলনও একই গ্রামের জালাল মোল্লার ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০২০ ঘ.
bdnews24