চট্টগ্রাম, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের দুই পাশে নিরাপত্তা বেষ্টনির কাজ শুরু হয়েছে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রধান প্রকৌশলী নাসির উদ্দিন মাহমুদ চৌধুরী শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এক দশমিক চার কিলোমিটার দীর্ঘ নির্মাণাধীন এ ফ্লাইওভারের উভয় পাশে সকাল থেকে নিরাপত্তা বেষ্টনি বসানোর কাজ শুরু হয়েছে।
শুরুতেই বেশি ঝুঁকিপূর্ণ স্থানে বেষ্টনি বসানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, পরবর্তীতে পিলারের ওপর নির্মাণ করা গার্ডারগুলোকে নিরাপদ করতে ক্রস গার্ডার বসানোর কাজও শুরু করা হবে।
এ কাজে স্থানীয় প্রশাসন ও লোকজন সহযোগিতা করছে বলেও জানান তিনি।
গত শনিবার নির্মাণাধীন এ ফ্লাইওভারের তিনটি গার্ডার ধসে পড়ে ১৩ জনের মৃত্যু হয়। অভিযোগ ওঠে নিরাপত্তা বেষ্টনি ছাড়া নির্মাণ কাজ করা এবং নির্মাণ কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান, পরামর্শক প্রতিষ্ঠান ও সিডিএর উদাসীনতা ও অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার পর সিডিএ, চট্টগ্রাম জেলা প্রশাসন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিনটি তদন্ত কমিটি এবং রাজউকের চেয়ারম্যানকে প্রধান করে একটি কারিগরী কমিটি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসইউ/১৯২৩ ঘ.
bdnews24