চট্টগ্রাম, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএমএ চট্টগ্রাম শাখার নির্বাচনে ‘স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে’ স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাধারণ সম্পাদক প্রার্থীকে বিজয়ী ঘোষণার অভিযোগ তুলেছেন ওই পদে সংগঠনের এক বিদ্রোহী প্রার্থী।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী ডা. আ ন ম মিনহাজুর রহমান অভিযোগ করেছেন, বৃহস্পতিবার গভীর রাতে ভোট গণনায় তিনি এগিয়ে থাকলেও স্বাস্থ্যমন্ত্রী ফোনে যে কোনো মূল্যে স্বাচিপের ডা. মো. শরিফকে জয়ী করার নির্দেশ দেন।
“এ কারণে ব্যালট পেপার ছিনতাই করে শুক্রবার ভোরে স্বাচিপের প্রার্থী ডা. মো. শরিফকে জয়ী ঘোষণা করা হয়েছে।”
এই ফল চ্যালেঞ্জ করে আইনের আশ্রয় নেবেন বলেও মিনহাজুর রহমান জানান।
রাতে ভোট গণনা নিয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর বিএমএর চট্টগ্রাম শাখার প্রধান নির্বাচন কমিশনার ডা. কাজী শফিকুল আলম শুক্রবার ভোরে স্বাচিপকে ২৩টি পদে পূর্ণ প্যানেলে জয়ী ঘোষণা করেন।
এতে সভাপতি পদে স্বাচিপের ডা. মুজিবুল হক খান ১৫৫৭ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ডা. খুরশীদ জামিল চৌধুরী পান ১০১৪ ভোট।
আর সাধারণ সম্পাদক পদে স্বাচিপের ডা. মো. শরিফকে মাত্র এক ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি পান ১০০২ ভোট। আর ‘স্বতন্ত্র’ প্রার্থী ডা. মিনহাজ পান ১০০১ ভোট।
শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মিনহাজ বলেন, “মধ্যরাতে শেষ ব্যালট গণনার আগে দুইজনের ভোট সমান হয়। শেষ ব্যালটের ভোটটি আমি পাই। ওই বুথের নির্বাচন কর্মকর্তা ডা. হাসানুজ্জামান ফলাফলের কাগজে স্বাক্ষর করলেও এক পর্যায়ে ব্যালটটি বাতিল ঘোষণা করেন।”
তিনি অভিযোগ করেন, ওই সময়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মফিজুর রহমান জুম্মান, ছাত্রলীগ ক্যাডার ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, ডা. রবিউল করিমের নেতৃত্বে একদল স্বাচিপ সমর্থক চিকিৎসক ভোট গণনার স্থানে প্রবেশ করে ব্যালটটি ছিঁড়ে ফেলেন।
তারা একটি বুথের আরও পাঁচটি ব্যালট ছিনতাই করে চলে যায় বলেও অভিযোগ করেন সাধারণ সম্পাদক পদের এই প্রার্থী।
মিনহাজুর রহমান বলেন, তিনি বিএমএর নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে ব্যবস্থা নেয়ার পাশাপাশি, থানায় সাধারণ ডায়রি এবং পরবর্তীতে মামলা করার কথা ভাবছেন।
অন্যদের মধ্যে ডা. আ ন ম ফারুফুর রশিদ, ডা. দিদারুল মুনীর, ডা. বিপ্লব পালিত ও ডা. উত্তম বড়–য়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার গভীর রাতে ভোট গণনার সময় স্বাচিপের সহ-সভাপতি প্রার্থী ডা. মাহবুবুল আলমের নেতৃত্বে একদল চিকিৎসক ব্যালট ছিনিয়ে নেন বলে অভিযোগ ওঠে। সে সময় নগরীর জিইসি মোড়ে বিএমএ কার্যালয়ের সামনে স্বাচিপ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএএইচ/জেকে/১৮৩৪ ঘ.
bdnews24