পাবনা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার ফরিদপুর উপজেলার কালিয়ানী গ্রামে গণপিটুনিতে চরমপন্থী দলের কথিত চার সদস্য নিহত হওয়ার ঘটনায় সহস্রাধিক গ্রামবাসীর বিরুদ্ধে মামলা হয়েছে।
শুক্রবার দুপুরে ওই গ্রামের চৌকিদার শাহিন বাদী হয়ে আশপাশের ছয় গ্রামের অজ্ঞাতনামা এক হাজার চারশ’ লোককে আসামি করে মামলাটি দায়ের করেন।
এ মামলা দায়েরের পর পুলিশের ভয়ে আশপাশের গ্রামের পুরুষরা বাড়িঘর ছেড়ে পালিয়েছে।
এদিকে চরমপন্থীরা রক্তের বদলা নেওয়ার ঘোষণা দিয়ে স্থানীয় ডেমরা ইউপি চেয়ারম্যান মলয় কুমার কু-ুকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছে। এ ব্যাপারে ফরিদপুর থানায় একটি জিডি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পাবনার ফরিদপুর উপজেলায় ‘চাঁদাবাজি করতে গিয়ে’ জনতার পিটুনিতে নিহত হয় ওই চারজন। তারা সবাই চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) সদস্য বলে জানায় পুলিশ।
গণপিটুনিতে নিহত অপর দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, সাঁথিয়া উপজেলার করমজা গ্রামের আফতাবের ছেলে নাজমুল হোসেন (২৫) এবং ফরিদপুরের মঙ্গলগ্রামের আক্কাস আলী (২৬)।
পাবনার পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান, এ ধরনের ঘটনার পর এভাবেই মামলা হয়। তবে সাধারণ মানুষের ভয়ের কোনো কারণ নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/১৮২৭ ঘ.
bdnews24