২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সড়কে অবস্থান নিয়ে বাসে আগুন দিলে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2012, 08:03 AM

Updated : 24 Aug 2022, 12:34 PM

সাতক্ষীরা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা-আশাশুনি সড়কের রামচন্দ্রপুর মোড়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক ও তার সহকারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সড়কে অবস্থান নিয়ে বাসটিতে আগুন দিলে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় তিন জনকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সদর থানার ওসি গাজী মোহাম্মাদ ইব্রাহিম। নিহতরা হলেন- বাসের চালক সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের প্রশান্ত কুমার ঘোষ (৪০) এবং তার সহকারী একই গ্রামের ইদ্রিস আলী (১৮)। আহত যাত্রীদের বরাত দিয়ে ওসি মোহাম্মাদ ইব্রাহিম জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা থেকে আশাশুনির উদ্দেশ্যে রওনা হয় বাসটি। সদর উপজেলার রামচন্দ্রপুর মোড়ে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভ্যান (নছিমন) হঠাৎ সামনে পড়ে গেলে জায়গা ছেড়ে দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসের চালক। এ সময় সামনের চাকা খুলে গিয়ে বাসটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। দুর্ঘটনার পরপরই এলাকাবাসী বাসের আহত যাত্রীদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়। এ সময় কিছু লোক উত্তেজিত হয়ে বাসটিতে ভাংচুর করে আগুন লাগিয়ে দেয়। তারা রাস্তা আটকানোর চেষ্টা করলে পুলিশ রাবার বুলে ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় বলে ওসি জানান। তিনি বলেন, ভাঙচুরের ঘটনায় কামরুল ইসলাম (২৫), খায়রুল ইসলাম (১৬) ও মফিজুল ইসলাম (১৭) নামের তিনজনকে আটক করে থানায় নেয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৩৫৫ ঘ.