২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেবনেয়ারে আগুন: গ্রেপ্তার এনএসআইকর্মীসহ ৩

আশুলিয়ার ডেবনেয়ার ফ্যাশনে আগুন ধরানোর চেষ্টার অভিযোগে আরো তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব, যার মধ্যে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের এক মাঠকর্মীও রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2012, 06:17 PM

Updated : 24 Aug 2022, 12:33 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুলিয়ার ডেবনেয়ার ফ্যাশনে আগুন ধরানোর চেষ্টার অভিযোগে আরো তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব, যার মধ্যে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের এক মাঠকর্মীও রয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- মাজহার, হাসান কবির ও মো. শফিকুল । এর মধ্যে মাজহার এনএসআইয়ের জুনিয়র ফিল্ড অফিসার। বৃহস্পতিবার ঢাকার উত্তরা এলাকা থেকে তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানিয়েছে। ওই কারখানায় আগুন দেয়ার চেষ্টার অভিযোগে জাকির হোসেন ও সুমী বেগম নামে দুজনকে গত রোববার রাতে গ্রেপ্তার করে পুলিশ। র‌্যাব আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি গোয়েন্দা সংস্থার দেয়া তথ্যের ভিত্তিতে কবির, শফিকুল ও মাজহারকে গ্রেপ্তার করে পুলিশে দেয়া হয়। ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই তিনজনকে গ্রেপ্তার করে র‌্যাব তাদের জানিয়েছে। এনএসআইকর্মীর বিরুদ্ধে কী অভিযোগ জানতে চাইলে তিনি বলেন, ওই ঘটনায় বিভিন্নজনকে ফাঁসিয়ে দেয়ার হুমকি দিয়ে অর্থ আদায় করছিলেন মাজহার। তিনজনকে ডেবনেয়ারে আগুনের চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান ঢাকার পুলিশ সুপার। গত রোববার ডেবনেয়ার ফ্যাশনে আগুন দেয়ার চেষ্টা হয়েছিল। সিসি ক্যামেরায় ধারণ করা ছবি থেকে সুমীকে সনাক্ত করার কথা জানায় পুলিশ। আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ম্যাচের কাঠি দিয়ে ফ্লোরে থাকা তৈরি প্যান্টে আগুন লাগানোর চেষ্টা করে। এতে কয়েকটি প্যান্ট পুড়ে যায়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এমআই/০০১৪ ঘ.