২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণের পথ বন্ধ করে কল্যাণ হয় না: মন্ত্রী

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের অবরোধ কর্মসূচিকে ‘বেআইনি’ আখ্যায়িত করে এ কথা বলেছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2012, 01:16 PM

Updated : 24 Aug 2022, 12:33 PM

চাঁদপুর, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের অবরোধ কর্মসূচিকে ‘বেআইনি’ আখ্যায়িত করে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, জনগণের পথ বন্ধ করে জনকল্যাণ সম্ভব নয়। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলার শংকরপুর আদর্শ দাখিল মাদ্রাসায় সমাবেশে শেষে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাজপথটা কার? রাজপথ জনগণের। এ কারণে রাজপথ বন্ধ করা সম্পূর্ণ বৈআইনি।” ১৮ দলের সমাবেশ থেকে বুধবার বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া আগামী ৯ ডিসেম্বর রাজপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন। বাধা দিলে লাগাতার হরতাল কর্মসূচির দেয়ারও হুমকি দেন তিনি। এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর বলেন, “খালেদা জিয়া যদি জনগণের পথ বন্ধ করে জনগণের কল্যাণের কথা ভাবেন তাহলে আমি বলব তিনি ভুল করছেন। আর তার ভুল সংশোধন করতে আমরা সরকারের পক্ষ থেকে চেষ্টা করব।” এর আগে মন্ত্রী মাদ্রাসা সংলগ্ন শংকরপুর মোল্লাবাড়ি সংলগ্ন নবনির্মিত ব্রিজ উদ্বোধন করেন। মাদ্রাসার সমাবেশে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আমির জাফর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়া আহমেদ সুমন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. আইয়ুব আলী পাটওয়ারী প্রমুখ। এরপর মন্ত্রী কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মাঠে ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশ, প্রশন্নকাপ গ্রামে বিদ্যুৎ সংযোগ ও প্রশন্নকাপ উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৯০১ ঘ.