২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে আগুন আতঙ্ক: হুড়োহুড়িতে ৭৫ শ্রমিক আহত

সাভারে দুটি কারখানায় আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে অন্তত ৭৫ শ্রমিক আহত হয়েছেন। একটি কারখানায় সিঁড়ির রেলিং ভেঙে আহত হয়েছেন ২৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2012, 12:42 PM

Updated : 24 Aug 2022, 12:33 PM

সাভার, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে দুটি কারখানায় আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে অন্তত ৭৫ শ্রমিক আহত হয়েছেন। একটি কারখানায় সিঁড়ির রেলিং ভেঙে আহত হয়েছেন ২৫ জন। স্থানীয় ক্লিনিকে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সাভারের হেমায়েতপুর এলাকার জুতা তৈরির কারখানা ক্রিসেন্ট লেদার প্রোডাক্ট লিমিটেড ও রাজাশন এলাকার ভিশন গ্রুপের পোশাক কারখানা ভিশন এ্যাপারেলস লিমিটেডে এ ঘটনা ঘটে। আশুলিয়ার নিশ্চিন্তপুরে তুবা গ্রুপের পোশাক কারখানা তাজরিন ফ্যাশনসে গত ২৪ নভেম্বর স্মরণকালের ভয়াবহ অগ্নিকা-ে ১১০ জন শ্রমিকের মৃত্যুর পর সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে আগুন আতঙ্ক বিরাজ করছে। সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল আনুমানিক ৩টার দিকে হেমায়েতপুর এলাকায় জুতা তৈরির কারখানা ক্রিসেন্ট লেদার প্রোডাক্ট লিমিটেডের তৃতীয় তলার কারখানাটির নিচ তলায় শর্ট সাকির্ট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সাভার দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই কারখানা কর্তৃপক্ষ আগুন নিভিয়ে ফেলে। তবে এ ঘটনায় মুহূর্তের মধ্যে পুরো কারখানায় আগুন আতঙ্ক ছড়িয়ে পরে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে দ্বিতীয় তলার সিড়ির লোহার রেলিং ভেঙে নিচে পড়ে প্রায় ২৫ শ্রমিক আহত হন। অপরদিকে শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল বাতেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর আনুমানিক আড়াইটার দিকে রাজাশন এলাকার ভিশন গ্রুপের ভিশন এ্যাপারেলস লিমিটেডের পঞ্চম তলার কারখানাটির দ্বিতীয় তলায় একটি টিউব লাইট বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় কর্মকর্তারা দ্রুত আগুন নিভিয়ে ফেললেও কারখানায় থাকা প্রায় তিন হাজার শ্রমিক আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। এক পর্যায়ে তারা বের হতে গিয়ে অন্তত ৫০ শ্রমিক আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। কারখানা দুটির কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তারা কথা বলতে রাজি হননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮৩৩ ঘ.