বরিশাল, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে ভ্রাম্যমাণ আদালত এক ওষুধের দোকান মালিককে জরিমানা করায় ধর্মঘট শুরু করেছে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বরিশাল শাখা।
বৃহস্পতিবার দুপুর ১টার পর থেকে ধর্মঘট শুরু হয়।
সমিতির সদস্য মো. লিয়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকালে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত নগরীর আমতলা মোড়ের ‘সজিব মেডিকেল’ নামের একটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে চিকিৎসকদের জন্য ওষুধ কোম্পানির স্যাম্পল ওষুধ পায়। এজন্য আদালত দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করে।
এর প্রতিবাদে ওষুধ ব্যবসায়ীরা এ ধর্মঘটের ডাক দেয়। প্রায় চারশ’ ওষুধের দোকান ধর্মঘটে অংশ নেয় বলে জানান সমিতির এই সদস্য।
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বরিশাল শাখার সাধারণ সম্পাদক কেএম শাহ আলম আনসারী বলেন, “আমাদের জন্য মানুষের ভোগান্তি হোক তা আমারা চাই না। তবুও বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত আমাদের উপর জুলুম করে। এর প্রতিবাদেই আমরা ধর্মঘট শুরু করেছি।
“সিটি মেয়র শওকত হোসেন হিরনের কাছে আমরা শান্তিতে ব্যবসা করার দাবি করেছি। তিনি আলোচনা করে সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন। সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।”
ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনাকারী বরিশাল সিটি কর্পোরেশনের স্বাস্থ্য পরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন মোল্লা এ অভিযোগ অস্বীকার করে বলেন, “শুধু স্যাম্পল নয়, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় সজিব মেডিকেলের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এইচএ/১৮০৪ ঘ.
bdnews24