ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের তৈরি পোশাক কারখানায় কাজের পরিবেশের মান তদারকি করতে টাস্কফোর্স গঠন করা হচ্ছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বিশেষ বৈঠক শেষে শ্রম সচিব মিকাইল শিপার এ কথা জানান।
গত ২৪ নভেম্বর আশুলিয়ায় তাজরিন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১১০ জনের মৃত্যুর পর কমিটি এ সিদ্ধান্ত নিল।
মন্ত্রী বা প্রতিমন্ত্রীর নেতৃত্বে এ টাস্কফোর্স গঠনের উদ্যোগ শিগগির নেওয়া হচ্ছে উল্লেখ করে শ্রম সচিব বলেন, টাস্কফোর্সে সরকার, মালিক ও শ্রমিকদের প্রতিনিধিরা থাকবেন।
“পোশাক কারখানাগুলোয় কমপ্লায়েন্স ঠিকমতো মানা হচ্ছে কি না, ওই কমিটি তা তদারকি করবে। টাস্কফোর্স মাসে অন্তত ২০টি কারখানা পরির্দশন করতে পারবে।”
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম সাংবাদিকদের বলেন, তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দেয়ার সুপারিশ করেছে কমিটি।
বৈঠকে কমিটির সদস্য জাকির হোসেন, ননী গোপাল মণ্ডল ও রওশন জাহান সাথী অংশ নেন।
এছাড়া এফবিসিসিআই, বিজিএমইএসহ গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউ/১৭৪৩ ঘ.
bdnews24