নারায়ণগঞ্জ, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেছেন, স্বাধীনতার বিরোধীতাকারী রাজাকার-আলবদরদের বাঁচাতে দেশব্যাপী নৈরাজ্য চালাচ্ছে জামায়াত-শিবির।
বক্তাবলী গণহত্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে ফতুল্লার বক্তাবলী এলাকায় লক্ষ্মীনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে এক শোক সমাবেশে প্রতিমন্ত্রী বলেন, “ওরা ধর্মের নামে মানুষকে ঠকাচ্ছে। ধর্মের লেবাস পরে তারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে চায়।”
১৯৭১ সালের এই দিনে নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে পাকিস্তানি বাহিনীর ১৩৯ জনকে হত্যা করে। ২২টি গ্রাম আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।
বক্তাবলী শহীদ দিবস উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট ওসমান গণির সভাপতিত্বে শোকসভায় স্থানীয় সাংসদ সারাহ বেগম কবরী, আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম, সাংবাদিক নেয়ামত উল্লাহ বক্তব্য দেন।
যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে গ্রামে-গঞ্জে, পাড়ামহল্লায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সংগ্রাম পরিষদ গড়ে তোলার কথা বলেন মন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭৩৮ ঘ.
bdnews24