ঝালকাঠী, নভেম্বর ২৯ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠীতে এক স্কুল শিক্ষককে হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে আসামিদের উপস্থিতিতে জেলা ও দায়েরা জজ আদালতের বিচারক শহিদুল্লাহ বকাউল এ রায় ঘোষণা দেন। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন নলছিটি উপজেলার মালোয়ার গ্রামের আব্দুল জব্বার মল্লিক, ফারুক মল্লিক, আলমগীর হাওলাদার, আব্দুল কুদ্দুুস ও আব্দুর রব।
হামেদ মল্লিক নামের এক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস ও বাবুল মল্লিক নামের আরেক আসামি মারা যাওয়ায় তাকে অব্যহতি দেয়া হয়েছে।
এ আদালতের সরকার পক্ষের কৌসুঁলি (পিপি) আব্দুল মান্নান রসুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৪ সালের ১৪ জুলাই জমি সংক্রান্ত বিরোধের কারণে নলছিটি উপজেলার মালোয়ার গ্রামের স্কুল শিক্ষক মো. রফিকুল ইসলামকে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের স্ত্রী এম এ জাহান কমলা বাদী হয়ে সাতজনকে আসামি করে নলছিটি থানায় হত্যা মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৭১২ ঘ.
bdnews24