দিনাজপুর, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের ধাওয়া খেয়ে পুনর্ভবা নদীতে ঝাঁপিয়ে পড়া আরো তিন যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয়রা অনুসন্ধান চালিয়ে পুনর্ভবা নদী থেকে লাশ তিনটি উদ্ধার করে। বুধবার সন্ধ্যায় শহরের লাগবাগ গোরস্থানের পাশে পুনর্ভবা নদীর বাঁধে জুয়া খেলার সময় গোয়েন্দা পুলিশ ধাওয়া খেয়ে তারা নদীতে ঝাঁপ দিয়েছিল বলে পুলিশ দাবি করে।
সেদিন রাতেই শহরের বাহাদুর বাজার এলাকার সিদ্দিক মিয়ার ছেলে মিলির (৩৫) লাশ পাওয়া যায়। বৃহস্পতিবার পাওয়া যায় দিনাজপুর শহরের বড়বন্দর এলাকার নিতাই চন্দ্রের ছেলে সবুজ (২৭), রামনগর এলাকার আব্দুস সামাদের ছেলে আওলাদ হোসেন (৩০) ও একই এলাকার রেসাল উদ্দিনের ছেলে রাশেদের (৩০) লাশ।
দিনাজপুরের পুলিশ সুপার ময়নুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডিবির একটি দল ওই এলাকায় কিছু মাদক সেবনকারীকে ধাওয়া করলে সেখানে জুয়া খেলতে থাকা কিছু যুবকও নদীতে ঝাঁপ দেয়।
এ ঘটনায় গোয়েন্দা পুলিশের দশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে বলে তিনি জানান
ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
এই কমিটি তিন দিনের মধ্যে প্রতিবেদন দেবে এবং প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও পুলিশ সুপার জানান।
তবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এসইউ/১৫০৯ ঘ.
bdnews24