২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুজবে বিক্ষোভ চট্টগ্রাম ইপিজেডে

শ্রমিককে পেটানোর গুজবে বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম ইপিজেডের সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2012, 04:44 PM

Updated : 24 Aug 2022, 12:33 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিককে পেটানোর গুজবে বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম ইপিজেডের সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ হয়েছে। বিক্ষোভরত শ্রমিকরা বেপজা ফটকের সামনে কয়েকটি স্থাপনা এবং ইপিজেড মোড়ে কয়েকটি গাড়িও ভাংচুর করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (সিইপিজেড) গেইটে বেপজার নিরাপত্তাকর্মীরা এক শ্রমিককে পিটিয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। এরপরই কয়েকশ শ্রমিক একত্র হয়ে বিক্ষোভ করে এবং সড়ক অবরোধ করে। চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, গুজবে শ্রমিকরা রাস্তায় নেমে এসেছিল। পরে পুলিশ গিয়ে রাত ৮টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর জোন) অনিন্দিতা বড়–য়া বলেন, “শুনেছি একজন টোকাই ইপিজেডের ভেতরে ঢুকতে চাইলে বেপজার কর্মীরা তাকে চড় মারে। এর পর রটে যায়, এক শ্রমিককে মারা হয়েছে।” প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রমিকদের বিক্ষোভে আশেপাশের লোকজন আতঙ্কে ছোটাছুটি করতে থাকে এবং ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/টিএইচ/এমআই/২২১৭ ঘ.